সেমিকন হাব গড়ার চিন্তা রাজ্যে: জিতিন - 24 Ghanta Bangla News
Home

সেমিকন হাব গড়ার চিন্তা রাজ্যে: জিতিন

Spread the love

এই সময়: দীর্ঘদিনের শিল্প সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। মঙ্গলবার বণিকসভা ক্যালকাটা চেম্বার অফ কমার্সের ১৯৫তম বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। তাঁর কথায়, ‘বাণিজ্য ও প্রযুক্তিই আগামী দিনে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির দুই প্রধান চালিকাশক্তি। আর সেই বৃদ্ধির সুযোগ কাজে লাগাতে পারলে পশ্চিমবঙ্গও ফের বড় শিল্প ও উৎপাদন কেন্দ্র হিসেবে নিজের জায়গা তৈরি করতে পারে।’ ভারতের সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তিগুলি ঘরোয়া সংস্থাগুলির সামনে উন্নত বিশ্বের ৬৫ থেকে ৭৫ শতাংশ বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ তৈরি করেছে। ফলে বাংলার ব্যবসায়ী ও শিল্পমহলের সামনে রপ্তানি বাড়ানোর নতুন দরজা খুলেছে বলেও এ দিন তিনি জানান।

প্রসাদ বলেন, ‘উন্নত দেশগুলির কাছে প্রযুক্তিগত দক্ষতা রয়েছে, আর ভারত দিতে পারে বিপুল বাজার, উৎপাদনের পরিসর ও প্রতিভাবান মানবসম্পদ। এই দুইয়ের সমন্বয়েই ভারতের পরবর্তী শিল্প বৃদ্ধির ভিত্তি তৈরি হতে পারে।’ বিদেশি বিনিয়োগকারীদের শুধুমাত্র ভারতের বিশাল বাজারকে পণ্য বিক্রির জায়গা হিসেবে না দেখে সরাসরি ভারতীয় স্টার্টআপ এবং দেশীয় শিল্পের সঙ্গে যৌথ উদ্যোগের আহ্বান জানান তিনি। তাঁর মতে, প্রযুক্তি ও পুঁজির সঙ্গে ভারতের দক্ষ কর্মী এবং বড় অভ্যন্তরীণ বাজারের সংযোগ ঘটাতে পারলে উৎপাদন ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও বড় সম্ভাবনা তৈরি হবে।

পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের ভৌগোলিক অবস্থানকেও গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন। বন্দর-নির্ভর যোগাযোগ ব্যবস্থা এবং ইস্পাত, বস্ত্র, রাসায়নিক ও বিভিন্ন ধরনের উৎপাদন শিল্পের দীর্ঘদিনের উপস্থিতির কারণে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের জন্য পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক্স কেন্দ্র হয়ে উঠতে পারে বলে তাঁর বক্তব্য। শিল্পের জন্য প্রয়োজনীয় আধুনিক পরিকাঠামো তৈরির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। বিশেষ করে ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ শিল্প পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে প্রসাদ বলেন, নতুন শিল্প সংস্থাকে যাতে জমি, পরিকাঠামো বা প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়, সেই ব্যবস্থাই তৈরি করার লক্ষ্য রয়েছে।

বাংলায় ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর হাব গড়ে তোলার সম্ভাবনার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, রাজ্যের দক্ষ কর্মীবাহিনী ইলেকট্রনিক্স যন্ত্রাংশ এবং সেমিকন্ডাক্টর ডিজ়াইনের মতো উন্নত প্রযুক্তির ক্ষেত্রে যথেষ্ট উপযুক্ত। এই দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলা গেলে রাজ্যের শিল্প মানচিত্রে নতুন অধ্যায় শুরু হতে পারে।

শিল্পে বিনিয়োগের পরিবেশ সহজ করার ক্ষেত্রেও একাধিক সংস্কারের কথা তুলে ধরেন প্রসাদ। তাঁর দাবি, আমলাতান্ত্রিক জটিলতা এবং অনুমোদনের দীর্ঘসূত্রিতা কমাতে ফেসলেস ডিজিটাল ক্লিয়ারেন্স, এক জায়গায় বাণিজ্য মন্ত্রকের বিভিন্ন দপ্তরের পরিষেবা এবং জেলা স্তরে রপ্তানি উন্নয়ন কেন্দ্র তৈরির মতো বিষয়ে উদ্যোগী হয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *