সব কয়েনের দু'দিক থাকে, আমরা খারাপটা নেব কেন? - 24 Ghanta Bangla News
Home

সব কয়েনের দু'দিক থাকে, আমরা খারাপটা নেব কেন?

Spread the love

গৌতম ধোনি, নবদ্বীপ

সভার মতে, ‘কৃত্রিম মেধা মানব সভ্যতার বিপদ ঘটাবে’। ‘এই সময়’ আয়োজিত বিদ্যালয়-স্তরের ‘হোক তর্ক’ প্রতিযোগিতায় নদিয়ার নবদ্বীপ আরসিবি সারস্বত মন্দির উচ্চ মাধ্যমিক স্কুলে অবশ্য জিতে গেল মোশনের বিপক্ষের ছাত্ররা।

শিবম বিশ্বাস, সায়ন চক্রবর্তী, রাধামাধব সাহা, শামিম শেখ, শুভজিৎ সাহা-রা জানিয়ে গেল, নতুন আবিষ্কার গ্রহণ করাটাই সভ্যতার ধর্ম। শিক্ষা সংস্কৃতি এবং চিকিৎসা ক্ষেত্রে বিশাল অবদান রাখছে কৃত্রিম মেধা। আগে যে সব রোগের চিকিৎসা হতো না, কৃত্রিম মেধা তার প্রতিষেধক আবিষ্কারে মুখ্য ভূমিকা গ্রহণ করছে।

বিপক্ষের সেরা বক্তা ছিল শিবম। সে বলে, ‘উন্নত রাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রেও মুখ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে কৃত্রিম মেধা। সেখানে মানুষের অংশগ্রহণ না থাকার ফলে মৃত্যুর সংখ্যা কমবে, এটাই কৃত্রিম মেধার বড় অবদান। এআই মানুষের কাজ কেড়ে নিচ্ছেনা, জটিল কাজ দ্রুত করার জন্য সুবিধে করে দিচ্ছে। সব কয়েনের দু’দিক থাকে। আমরা ভালো দিকটা নেব। খারাপটা কেন নেব?’ তার কথায়, ‘পৃথিবী চলে গতির ওপর, তাল মেলাতে গেলে এআইয়ের কোনও বিকল্প নেই।’

মোশনের পক্ষে প্রথম হওয়া প্রকাশ দাস বলে, ‘এআই উদ্ভাবিত গেমসে অ্যাডিক্টেড এখনকার প্রজন্ম।’ তার উপলব্ধি, ‘এআই যে সম্পূর্ণ নিরাপদ প্রযুক্তি, তা সবটাই ভুল।’ পক্ষে আরও যারা বক্তা ছিল, তারা হলো, অভিজিৎ দেবনাথ, দিবাকর মিত্র, আরিয়ান মণ্ডল, অভিজিৎ সরকার। বিচারক মণ্ডলীতে ছিলেন অপূর্ব হালদার, কৌশিক সাহা, ইন্দ্রজিৎ দাস এবং কৃষ্ণনগরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ বাগচী। সভা সঞ্চালনা করেন শিক্ষিকা অদিতি বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *