টার্নটেবিলে সেই ৩৩ আরপিএম, ফিরছে কলের গানের নস্ট্যালজিয়া
কুবলয় বন্দ্যোপাধ্যায়
সালটা ১৯৮১। শহরের উত্তর, মধ্য এবং দক্ষিণের জেজে মল্লিক, ইগল কমার্শিয়াল, হ্যারিজ় মিউজ়িক, সিসি সাহা, সিম্ফনি বা মেলোডি যাই হোক না কেন সর্বত্রই ছবিটা ছিল এক রকম। সদ্য রিলিজ় করেছে অমিতাভ বচ্চন, রাখি, আমজাদ খানের ‘বরসাত কি এক রাত’। যে ছবিতে ছিল আরডি বর্মনের সুর এবং কিশোরকুমার, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের গাওয়া একের পর এক হিট গান। সেই সময়ে এই ছবির গানের রেকর্ড প্রতিটা দোকানে রাখা রাখত আলাদা একটি সেলফে। ওই সেলফে অন্য কোনও রেকর্ডের জায়গাই হতো না। লোকজনও দোকানে এসে অন্য কোনও রেকর্ডের তেমন খোঁজ নিতেন না। প্রায় ৪৫ বছর পরে সেই ‘বরসাত কি এক রাত’ ছবিরই ভিনাইল রেকর্ড ফের কেনার হিড়িক পড়েছে সঙ্গীতরসিকদের একাংশের মধ্যে।