SRFTI-এর ঘটনার তদন্তে ৬ সদস্যের SIT গঠন, প্রথম রিপোর্ট দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে - 24 Ghanta Bangla News
Home

SRFTI-এর ঘটনার তদন্তে ৬ সদস্যের SIT গঠন, প্রথম রিপোর্ট দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে

Spread the love

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করল নবান্ন। ৬ সদস্যের SIT-এ নেতৃত্বে থাকছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন)। ১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে প্রথম রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

কারা থাকছেন SIT-এ?

১. কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন) আইপিএস কুণাল আগরওয়াল

২. গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার স্পর্শ নীলাঙ্গী

৩. রাজ্য গোয়েন্দা বিভাগের (সিআইডি) ডিএসপি কৌশিক ঘোষ

৪. অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (গুন্ডা দমন শাখা) সলিল রায়

৫. অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ইস্টার্ন সাবারবান ডিভিশন, কলকাতা পুলিশ) তুষারকান্তি ঘোষ

৬. হীরক দলপতি, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনস্পেক্টর

কী ঘটেছে SRFTI-এ

গত রবিবার, ২৭ সেপ্টেম্বর, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান SRFTI-এর ক্যাম্পাসের মেন থিয়েটার হল ভাড়া নিয়ে আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত একটি সভার আয়োজন করে। কিন্তু এ রকম প্রতিষ্ঠানে কেন এই ধরনের সভা হবে, তা নিয়ে প্রশ্ন তুলে সরব হন একদল পড়ুয়া। ছাত্রছাত্রীদের সঙ্গে ক্যাম্পাসের ভিতরেই বচসা বাধে আয়োজকদের। বচসার পরে দু’পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। ক্যাম্পাস জুড়ে চলে তাণ্ডব।

পড়ুয়াদের একাংশ রক্তাক্ত হন, জখম হন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) কয়েক জন সদস্যও। গেটের বাইরে থেকে পড়ুয়াদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে এবিজিপির লোকজনের বিরুদ্ধে। পাল্টা পড়ুয়াদের বিরুদ্ধে ব্যানার ছেঁড়া, গায়ে হাত তোলার অভিযোগ তোলে আয়োজক সংস্থা। এই ঘটনায় পঞ্চসায়র থানায় তিনটি অভিযোগ দায়ের হয়।

একটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা, একটি দায়ের করা হয় SRFTI-এর ডিন (ফিল্ম)-এর অভিযোগের ভিত্তিতে। তৃতীয়টি অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত দায়ের করে। সেই ঘটনার তদন্তে SIT গঠন নবান্নের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *