iQOO Pad Ultra লঞ্চ, ১৬৫ হার্টজ অ্যামোলেড ও ৯০২০ এমএএইচ ব্যাটারি
চিনের বাজারে নতুন আইকিউওও প্যাড আলট্রা লঞ্চ করল আইকিউওও। নতুন এই প্রিমিয়াম ট্যাবলেটটি আইকিউওও ১৬ এবং আইকিউওও গেমিং হেডসেট-এর সঙ্গে আত্মপ্রকাশ করেছে। গেমিং এবং বিনোদনের…
চিনের বাজারে নতুন আইকিউওও প্যাড আলট্রা লঞ্চ করল আইকিউওও। নতুন এই প্রিমিয়াম ট্যাবলেটটি আইকিউওও ১৬ এবং আইকিউওও গেমিং হেডসেট-এর সঙ্গে আত্মপ্রকাশ করেছে। গেমিং এবং বিনোদনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ডিভাইসটি। বড় হাই-রিফ্রেশ-রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত কুলিং সিস্টেম এবং বড় ব্যাটারি রয়েছে এতে।
ট্যাবলেটটির অন্যতম আকর্ষণ হল ১৬৫ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ডেডিকেটেড কিউ৪ গেমিং চিপ এবং গেমিংয়ের জন্য কিউ-ফ্লেক্স টাচ কন্ট্রোল সিস্টেম। এতে সর্বোচ্চ ৫০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।
আইকিউওও প্যাড আলট্রার দাম
চীনে আইকিউওও প্যাড আলট্রার দাম শুরু হচ্ছে ৬,৪৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ৯২,৯০০ টাকা থেকে। এই দাম ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
অন্যান্য ভ্যারিয়েন্টের দাম হল:
| র্যাম ও স্টোরেজ | চিনে দাম | ভারতীয় মূল্যে প্রায় |
| ১২ জিবি + ২৫৬ জিবি | ৬,৪৯৯ ইউয়ান | ৯২,৯০০ টাকা |
| ১৬ জিবি + ২৫৬ জিবি | ৭,১৯৯ ইউয়ান | ১,০২,৯০০ টাকা |
| ১৬ জিবি + ৫১২ জিবি | ৭,৯৯৯ ইউয়ান | ১,১৪,৪০০ টাকা |
| ১৬ জিবি + ১ টিবি | ৮,৯৯৯ ইউয়ান | ১,২৮,৬০০ টাকা |
ট্যাবলেটটি স্টার সিলভার এবং টোয়াইলাইট ব্ল্যাক রঙে পাওয়া যাবে। চিনে ৫ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে। ভিভো চিনা ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
১৬৫ হার্টজের ২কে অ্যামোলেড ডিসপ্লে
আইকিউওও প্যাড আলট্রাতে রয়েছে ৮.৮ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনটি সর্বোচ্চ ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।স ডিসপ্লের লোকাল পিক ব্রাইটনেস সর্বোচ্চ ৪,৫০০ নিট পর্যন্ত যেতে পারে। গেমিংয়ের সময় দ্রুত ইনপুটের জন্য রয়েছে সর্বোচ্চ ৫০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট। উচ্চ রিফ্রেশ রেট এবং দ্রুত টাচ রেসপন্সের কারণে বিশেষ করে ফাস্ট-পেসড গেমিংয়ে স্মুথ ভিজ্যুয়াল এবং দ্রুত কন্ট্রোল পাওয়ার লক্ষ্যেই এই ডিসপ্লে তৈরি করা হয়েছে।
স্ন্যাপড্রাগন প্রসেসর ও কিউ৪ গেমিং চিপ
পারফরম্যান্সের জন্য আইকিউওও প্যাড আলট্রায় রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট সিরিজের অক্টা-কোর প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.১ স্টোরেজ পাওয়া যাবে। ট্যাবলেটে আইকিউওওর নিজস্ব কিউ৪ গেমিং চিপ দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই চিপ সমর্থিত গেমে ফ্রেম রেট এবং ছবির মান উন্নত করতে সাহায্য করবে।
এতে ফ্রেম ইন্টারপোলেশন, সুপার-রেজোলিউশন এবং উন্নত গ্রাফিক্স প্রসেসিং-এর মতো ফিচার রয়েছে। নির্দিষ্ট কিছু গেমে সর্বোচ্চ ১৬৫ এফপিএস পর্যন্ত পারফরম্যান্স দেওয়ার দাবি করেছে আইকিউওও। র্য-ট্রেসিং, এইচডিআর এনহ্যান্সমেন্ট, ফ্রেম-রেট ইন্টারপোলেশন এবং কিউএনএসএস সুপার-রেজোলিউশন রেন্ডারিং-ও সমর্থন করে ডিভাইসটি।
পাঁচ স্তরের কুলিং সিস্টেম
দীর্ঘক্ষণ গেমিংয়ের সময় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেটটিতে রয়েছে পাঁচ স্তরের কুলিং সিস্টেম। এর সঙ্গে বড় অ্যাক্টিভ কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। পুরো কুলিং সিস্টেমের মোট হিট ডিসিপেশন এরিয়া ২৩,২৫৩ বর্গমিলিমিটার। এতে দুটি এয়ার ইনটেক এবং তিনটি ফ্যান স্পিড লেভেল রয়েছে। এই ব্যবস্থা দীর্ঘ সময় গেম খেলার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং স্থিতিশীল পারফরম্যান্স দিতে সাহায্য করবে বলে জানিয়েছে সংস্থা।
৫০০ হার্টজ কিউ-ফ্লেক্স গেমিং কন্ট্রোল
গেমারদের জন্য আইকিউওও প্যাড আলট্রাতে রয়েছে কিউ-ফ্লেক্স কন্ট্রোল সিস্টেম। এর টাচ স্যাম্পলিং রেট ৫০০ হার্টজ। এছাড়া রয়েছে দুটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং ৪ডি ভাইব্রেশন। গেমিংয়ের সময় বিভিন্ন অ্যাকশন বা ইভেন্টের জন্য হ্যাপটিক ফিডব্যাক পাওয়ার সুবিধা থাকবে।
আইকিউওও আলাদা করে একটি ডুয়াল-সাইডেড গেমিং ক্ল্যাম্প এবং আইকিউওও জি১ টেলিস্কোপিক কন্ট্রোলার বিক্রি করবে। ক্ল্যাম্প গেম খেলার সময় ট্যাবলেটটিকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করবে। অন্যদিকে টেলিস্কোপিক কন্ট্রোলারে ফিজিক্যাল গেমিং কন্ট্রোল পাওয়া যাবে।
১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও চার স্পিকার
ক্যামেরার ক্ষেত্রে পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। অডিওর জন্য রয়েছে সিমেট্রিক্যাল কোয়াড-স্পিকার সেটআপ। এতে সুপার অডিও ৮.০, ১০-ব্যান্ড ইকুয়ালাইজার এবং স্পেশিয়াল অডিও ফিচার রয়েছে। গেমিং এবং কলের সময় আরও পরিষ্কার কথোপকথনের জন্য ভয়েস এনহ্যান্সমেন্ট ফিচারও দেওয়া হয়েছে।
৯০২০ এমএএইচ ব্যাটারি
আইকিউওও প্যাড আলট্রাতে রয়েছে ৯,০২০ এমএএইচ টিপিক্যাল ক্যাপাসিটির ব্যাটারি। এটি ৬৬ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং সমর্থন করে। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪। ইউএসবি টাইপ-সি পোর্টের পাশাপাশি টাইপ-সি ডিজিটাল হেডফোনও ব্যবহার করা যাবে। ট্যাবলেটটিতে পিসি-লেভেলের প্রোডাক্টিভিটি ফিচারও রয়েছে। এর মধ্যে ডব্লিউপিএস, ক্যাপকাট এবং মাল্টি-ডিভাইস কানেক্টিভিটি উল্লেখযোগ্য। আইকিউওও প্যাড আলট্রার মাপ ১৯৭.৩৬ × ১২৬.২৫ × ৫.৭৪ মিলিমিটার এবং ওজন প্রায় ২৯৮ গ্রাম। সফটওয়্যারের ক্ষেত্রে এটি অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক অরিজিনওএস ৭ এইচডি-তে চলবে। এই মুহূর্তে আইকিউওও প্যাড আলট্রার ভারতীয় লঞ্চ বা দাম সম্পর্কে সংস্থা কোনও তথ্য প্রকাশ করেনি।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel.