হিমালয়ের হিমবাহ হ্রদে নজরদারি বাড়াল ভারত, স্যাটেলাইটে চিহ্নিত ২৮ হাজারেরও বেশি লেক - 24 Ghanta Bangla News
Home

হিমালয়ের হিমবাহ হ্রদে নজরদারি বাড়াল ভারত, স্যাটেলাইটে চিহ্নিত ২৮ হাজারেরও বেশি লেক

Spread the love

সিকিমে ফের বিপর্যয় ঠেকাতে এবার উদ্যোগী ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হিমবাহ হ্রদগুলির ওপর নজরদারি শুরু করতে চলেছে। হিমালয়ে বুকে থাকা এই হ্রদগুলির কোনটি ভবিষত্যে…

সিকিমে ফের বিপর্যয় ঠেকাতে এবার উদ্যোগী ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হিমবাহ হ্রদগুলির ওপর নজরদারি শুরু করতে চলেছে। হিমালয়ে বুকে থাকা এই হ্রদগুলির কোনটি ভবিষত্যে বড় ধরণের প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে পারে, তা জানতেই নজরদারি বলে খবর। ইতিমধ্যেই ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC) উপগ্রহ চিত্রের সাহায্যে সিকিমের হিমবাহ সংলগ্ন নদী অববাহিকাগুলির একটি বিস্তারিত মানচিত্র তৈরি করেছে।

সিকিমে কটি হ্রদ রয়েছে, তাদের অবস্থান, ভৌগোলিক গঠন ও কীভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার একটা রূপরেখা তৈরি করে ফেলতে চাইছে ইসরো। সেই লক্ষ্যেই ২০২৬ থেকে ২০২৭ সালের হাই রেজোলিউশন স্যাটেলাইট ছবি দেখে জানা গিয়েছে বেশ কিছু তথ্য। প্রায় ০.২৫ হেক্টর আয়তনের ২৮ হাজার ৪৩টি হিমবাহ হ্রদ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৫৭০টি হ্রদ ভারতের ভূখণ্ডে এবং ২০ হাজার ৪৭৩টি হ্রদ সীমান্তবর্তী এলাকায় রয়েছে। দেশের ভিতরে থাকা হ্রদগুলির সংখ্যাও সব জায়গায় সমান নয়। লাদাখে ৩২১৯টি, অরুণাচল প্রদেশে ২১৮৮টি, সিকিমে ৭৩৩টি, জম্মু ও কাশ্মীরে ৫৪৬টি, হিমাচল প্রদেশে ৫৩৭টি এবং উত্তরাখণ্ডে ৩৪৭টি হ্রদ চিহ্নিত হয়েছে।

উপগ্রহের ছবি দেখে ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০ হেক্টরের বেশি আয়তনের ২ হাজার ৪৩১টি হ্রদের তথ্য নিয়ে রিসার্চ করা হয়েছে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ১৯৮৪ সালের পর থেকে ৬৭৬টি হ্রদের আয়তন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই জল বাড়ছে হিমবাহ ক্রমশ গলার ফলে। এতে প্রাকৃতিক বাঁধ ভেঙে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF নামতে পারে যে কোনও দিন। যা জনবসতি এলাকায় বিরাট ক্ষতি তৈরি করবে। এছাড়াও পাহাড়ি এলাকায় নদীর জলস্তর দ্রুত বেড়ে গিয়ে নিচের দিকে থাকা জনবসতি, রাস্তা, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে

রিপোর্ট বলছে এই ধরণের হ্রদের মধ্যে ১৩০টি হ্রদ ভারতীয় ভূখণ্ডে রয়েছে। সিকিমে দক্ষিণ লোনার্ক হ্রদের বিপর্যয় সেই ধরণের ইঙ্গিতই দেয়, যার আশঙ্কা বিজ্ঞানীরা করছেন। ২০২৩ সালের ৩ অক্টোবর রাতে হ্রদের কাছে বড়সড় হিমবাহ ধসের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। আইআইটি ভুবনেশ্বরের গবেষক অসীম সাত্তারের নেতৃত্বে হওয়া গবেষণায় উঠে এসেছে, প্রায় ১৪.৭ মিলিয়ন ঘনমিটার বরফ ও হিমবাহের অংশ হ্রদে পড়ে প্রায় ২০ মিটার উঁচু ঢেউ তৈরি করেছিল। সেই ঢেউ হ্রদের সামনের প্রাকৃতিক বাঁধে আঘাত করে তা ভেঙে দেয় এবং প্রায় ৫০ মিলিয়ন ঘনমিটার জল বেরিয়ে যায়। প্রবল জলস্রোতের সঙ্গে প্রায় ২৭০ মিলিয়ন ঘনমিটার পলি ও মাটি নিচের দিকে নেমে তিস্তা নদীতে মিশেছিল। গবেষণায় আরও দেখা যায়, বিপর্যয়ের আগে কয়েক বছর ধরেই লোনার্ক হ্রদের কিছু অংশের অবস্থান পরিবর্তিত হচ্ছিল।

শুধু সিকিম নয় এই ঘটনার পরে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ১৯৫টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ চিহ্নিত করেছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম এবং উত্তরাখণ্ডে GLOF-এর ঝুঁকি কমাতে ১৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *