বৃদ্ধের দেড় কোটির সম্পত্তি হাতিয়ে গ্রেপ্তার পরিচারিকা, নৈহাটিতে গায়েব গয়না, ধৃত স্বামীও - 24 Ghanta Bangla News
Home

বৃদ্ধের দেড় কোটির সম্পত্তি হাতিয়ে গ্রেপ্তার পরিচারিকা, নৈহাটিতে গায়েব গয়না, ধৃত স্বামীও

Spread the love

এই সময়, নৈহাটি: চার বছর ধরে যাঁকে পরিবারেরই সদস্য বলে মনে করেছিলেন, তাঁর বিরুদ্ধেই বিশ্বাসভঙ্গের অভিযোগ! অসুস্থ, অবসরপ্রাপ্ত রেলকর্মী বিশ্বনাথ চক্রবর্তী ও তাঁর বোন শিখার দেখাশোনা করার জন্য রাখা পরিচারিকার কাছে ছিল ব্যাঙ্কের চেক, এটিএম কার্ড, পিন। পেনশনের টাকা তিনিই তুলতেন, ব্যাঙ্কের সঙ্গে লিঙ্কড সিম পর্যন্ত ব্যবহার করতেন নিজের মোবাইলে। সেই সুযোগে নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় দেড় কোটির সম্পত্তি হাতানোয় অভিযুক্ত উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাবু ব্লকের বাসিন্দা ওই পরিচারিকা বর্ণালী মৃধা। বর্ণালী ও তাঁর স্বামী শম্ভুকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানা।

নৈহাটি স্টেশন সংলগ্ন ২৭ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টারে থাকেন বিশ্বনাথ ও শিখা। বয়সের ভারে ভাই–বোন ঠিক মতো হাঁটাচলা করতে পারেন না। চার বছর আগে বর্ণালীকে কাজে রাখা হয়। ধীরে ধীরে পরিবারের সদস্যই হয়ে উঠেছিলেন তিনি।

বৃদ্ধ বলেন, ‘নিজের বোনের মতো ভালোবাসতাম। সমস্ত আর্থিক বিষয় ও-ই দেখাশোনা করত। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে নিঃস্ব করে দিল!’ ঘটনাটি যেন এখনও বিশ্বাস করতে পারছেন না। বিভিন্ন সার্টিফিকেট ভাঙিয়ে টাকা তোলার পাশাপাশি শিখার সোনার গয়না হাতানোরও অভিযোগ বর্ণালীর বিরুদ্ধে। শিখার দাবি, মায়ের গয়না, তাঁর বিয়ের হার, কানের ঝুমকো, গলার চেন, চুড়ি, সব খোয়া গিয়েছে। তিনি বলেন, ‘আমরা নিঃস্ব। পেনশনের সামান্য টাকায় কোনওমতে সংসার চলছে।’

পরিবারের অভিযোগ, এই ঘটনায় বর্ণালীর স্বামী এবং ছেলেরও যোগ রয়েছে। অভিযোগ পাওয়ার পরে কয়েক দিন আগেই বর্ণালী ও শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু খোয়া যাওয়া টাকা বা সোনার গয়নার হদিশ মেলেনি। পুলিশ সূত্রেও জানা যাচ্ছে, ধৃতদের কাছ থেকে এখনও কিছু উদ্ধার করা যায়নি। ফলে তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলছেন বৃদ্ধ ভাই-বোন।

এত বিপুল সম্পত্তি কী ভাবে হাতবদল হলো, কোথায় গেল টাকা ও গয়না, এবং গ্রেপ্তারির পরেও কেন তা উদ্ধার করা গেল না — এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *