ট্র্যাফিক চালানের টাকা না মেটালে বোঝা বাড়বে বিদ্যুৎ বিলে? বড় প্রস্তাব সুপ্রিম কোর্টের
ট্র্যাফিকের ই-চালান কাটা হলেও অনেকেই জরিমানা মেটাচ্ছেন না বলে অভিযোগ। বকেয়া আদায়ে এ বার একাধিক কড়া পদক্ষেপের পথ বাতলে দিল শীর্ষ আদালত। কোনও ব্যক্তির ট্র্যাফিক চালান বকেয়া থাকলে তা বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করা যায় কি না, তা নিয়েও ভাবতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে এটি আপাতত আদালতের একটি পরামর্শ, দেশজুড়ে এমন পদক্ষেপের কোনও নির্দেশ দেয়নি আদালত।
সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে ই-চালান সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালত জানুায়, শুধু হাজার হাজার ই-চালান কাটলেই হবে না, জরিমানার টাকা বাস্তবে আদায় হচ্ছে কি না, সেটাই দেখতে হবে। আদালতকে জানানো হয়, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকা ই-চালান বাবদ বকেয়া রয়েছে। মামলা চলাকালীন প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হলেও বকেয়ার অঙ্ক এখনও চোখ কপালে তোলার মতো।
বকেয়া ট্র্যাফিক চালান আদায়ের উপায় বাতলাতে গিয়ে বিদ্যুৎ বিলের প্রসঙ্গ তোলেন বিচারপতি পারদিওয়ালা। তিনি বলেন, ‘মানুষ যদি ট্রাফিক চালান না মেটান, তবে তা তাঁদের বিদ্যুৎ বিলের সাথে যোগ করে দিন। তাঁদের বিদ্যুৎ বিল পরিশোধ করতেই হবে, নইলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এর একটা সমাধান বের করুন। বকেয়া আদায়ে এমনই কিছু ভাবতে হবে।’ তাঁর বক্তব্যের অর্থ, বিদ্যুৎ বিল না মেটালে যেমন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে, তেমন ব্যবস্থা বকেয়া ট্রাফিক জরিমানা আদায়েও কাজে লাগতে পারে।
শুধু বিদ্যুৎ বিল নয়, আরও একাধিক ব্যবস্থার কথা বলেছে আদালত। বকেয়া চালান না মেটানো পর্যন্ত গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) রিনিউ, ডুপ্লিকেট RC দেওয়া এবং গাড়ির মালিকানা বদল আটকে দেওয়ার কথাও বিবেচনা করতে বলা হয়েছে। গাড়ির ফিটনেস সার্টিফিকেটও চালান মেটানো না পর্যন্ত আটকে রাখা যেতে পারে বলে মত আদালতের।
এ প্রসঙ্গে বিচারপতি পারদিওয়ালা বলেন, ‘কর্তৃপক্ষকে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে কাজ করতে হবে। তিনি পর্যবেক্ষণ করেন যে, পুলিশ হাজার হাজার বা লক্ষ লক্ষ ই-চালান কাটতে পারে। কিন্তু আসল কথা হলো, জরিমানা আদায় করা।’
বিদ্যুৎ বিলে জোড়া ছাড়াও বকেয়া চালান থাকা গাড়িকে পরিবহণ পোর্টালে ব্ল্যাকলিস্ট, ড্রাইভিং লাইসেন্স রিনিউ বন্ধ করে, লাইসেন্স সাসপেন্ড করে এবং PUC সার্টিফিকেট না দেওয়ার মতো পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। রাস্তায় র্যান্ডম চেকিং করে বকেয়া ই-চালান ধরা পড়লে প্রয়োজন অনুযায়ী গাড়ি আটক করার কথাও বলেছে আদালত।
সুপ্রিম কোর্টের বক্তব্য, ই-চালান ব্যবস্থা কার্যকর করতে হলে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে এমন পদ্ধতি খুঁজতে হবে, যাতে জরিমানা শুধু কাগজে-কলমে আটকে না থাকে। তবে বিদ্যুৎ বিলের সঙ্গে ট্র্যাফিক চালান যুক্ত করার বিষয়টি এখনও প্রস্তাব হিসেবেই রয়েছে। বাস্তবায়নের এখনই কোনও নির্দেশ দেয়নি আদালত।