‘সাপ পুষলে তো...’, এক্স-ডিপ্লোম্যাটের তোপে পাকিস্তানই - 24 Ghanta Bangla News
Home

‘সাপ পুষলে তো…’, এক্স-ডিপ্লোম্যাটের তোপে পাকিস্তানই

Spread the love

এই সময়: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মাত্র ২৪ ঘণ্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের উদ্দেশে ভারতের কূটনীতিক পেটাল গেহলতের পরামর্শ ছিল, ‘সন্ত্রাসবাদে মদত দেওয়া ছাড়ুন। নইলে এর পরিণাম ভুগতে হবে।’

শনিবার এই বার্তা ইসলামাবাদের কাছে পৌঁছনোর পর দিনই ‘গ্লোবাল টেররিজ়ম ইনডেক্স ২০২৬’-এর প্রসঙ্গ তুলে পাকিস্তানকে বিঁধলেন সে দেশেরই প্রাক্তন কূটনীতিক। সন্ত্রাস-সূচক বলছে, দুনিয়ায় সন্ত্রাসবাদের সবথেকে বড় শিকার পাকিস্তানই। তাতে এ-ও বলা হয়েছে, গত কয়েক দশক ধরে চরমপন্থী গোষ্ঠীগুলির প্রতি পাক সরকার যে নীতি নিয়ে চলেছে, এ তারই পরিণতি। যে কথা বলেছেন প্রাক্তন পাক কূটনীতিক হুসেইন হাক্কানিও।

কিন্তু এ সব কথা আদৌ পাক সরকার কানে তুলছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ জঙ্গি-দমনের নামে আফগানিস্তানে হামলা চালু রেখেছে তারা। এর মধ্যেই আফগানিস্তান সীমান্ত লাগোয়া ডেরা ইসমাইল খান শহরে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন শনিবার। এর পরে রবিবারও কিন্তু সীমান্তে উত্তেজনা কমানোর কোনও উদ্যোগ পাক সরকার নেয়নি।

‘গ্লোবাল টেররিজ়ম ইনডেক্স’ প্রকাশ্যে আসতেই আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি কড়া ভাষায় বিদ্ধ করেছেন দশকের পর দশক ধরে চলে আসা পাক সরকারের নীতিকে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাড়ির পিছনের বাগানে সাপ পুষে রাখলে এমনটাই হয়। এক দিন বাড়ির লোকেই সেই সাপের কামড় খায়। চরমপন্থী জিহাদিদের গত পাঁচ দশক ধরে সশস্ত্র করে তুলেছে পাকিস্তানের সরকার। আর এখন জঙ্গি হামলার শিকারে সবথেকে আগে পাকিস্তানের নাম। কিন্তু এত কিছুর পরেও কি কারও শিক্ষা নেওয়ার ইচ্ছে আছে?’

আন্তর্জাতিক সন্ত্রাস-সূচকে ভারতের নাম রয়েছে ১৩ নম্বরে। ২০২৫-’২৬-এ ভারতে মোট ১৪২টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে সূচক জানাচ্ছে। তার আগের বছরে ভারতের র‍্যাঙ্ক ছিল ১৫। অর্থাৎ, দু’ধাপ উঠেছে। যা কিন্তু উন্নতি নয়, বরং সামান্য অবনতির ইঙ্গিত দেয়। পাকিস্তান ছিল দু’নম্বরে, উঠে এসেছে একে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ছিল এক নম্বরে, তারা সর্বশেষ র‍্যাঙ্কিয়ে নেমেছে দু’নম্বরে।

সবথেকে মারাত্মক জঙ্গি সংগঠন হিসেবে উঠে এসেছে ‘দ্য ইসলামিক স্টেট’-এর (আইএস) নাম। দুইয়ে এসেছে বুরকিনা ফাসোর ‘জেএনআইএম’ এবং তিনে পাকিস্তানে হামলা চালানোর দায় যাদের উপরে সবথেকে বেশি, সেই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নাম। উল্লেখ রয়েছে ভারতে হামলা চালানো লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদের নামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *