প্রবল বৃষ্টি, 'বিপর্যস্ত' ব্যাঙ্ককের ৫০ জেলা
ব্যাঙ্কক: বর্ষাকালে মূলত সেপ্টেম্বরেই ভারী বৃষ্টি হয় ব্যাঙ্ককে। কিন্তু এ বছরের মতো এমন বর্ষণ শেষ কবে হয়েছিল, কবেই বা কার্যত বেসামাল হয়েছিল রাজধানী, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে থাইল্যান্ডে। ১ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৪৮৭ মিমি (১৯৯১–২০২০ পর্যন্ত যে গড় ২৬৯ মিমি) বৃষ্টি পেয়েছে ব্যাঙ্কক।
এই পরিস্থিতিতে ৪৮ ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে বিস্তীর্ণ এলাকায় বন্যা, ব্যাপক যানজট, নাগরিকদের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় ব্যাঙ্ককের ৫০টি জেলাকেই ‘বিপর্যস্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যার অর্থ, এই অঞ্চলগুলিতে অনেক দ্রুত এবং সংগঠিত ভাবে কাজ করতে পারবে ব্যাঙ্কক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ)–সহ অন্যান্য প্রশাসনিক সংস্থা।
আবহাওয়া দপ্তরের খবর, ব্যাঙ্কক ও আশপাশের প্রদেশে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। তার উপরে আন্দামান সাগর, গাল্ফ অফ থাইল্যান্ডে শক্তি বাড়াচ্ছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বাতাস। যার জেরে আজ, রবিবারও দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। ধুন্ধুমার বর্ষণ সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তৎপরতায় শনিবার দুপুরের মধ্যে ব্যাঙ্কক শহরের অধিকাংশ জায়গা থেকে অবশ্য জমা জল সরানো গিয়েছে। তবে আরও অনেক তল্লাট জলের নীচে। ব্যাঙ্ককের গভর্নর চাদচার্ট সিত্তিপান্ত বলেন, ‘বৃষ্টি পুরো থামার পরেও বানভাসি সব এলাকা থেকে জল সরাতে ২–৩ দিন লাগবে।’
১৫ বছর আগে, ২০১১–য় ভয়াবহ বন্যা দেখেছিল থাইল্যান্ড। এ বার তেমন পরিস্থিতি তৈরি হবে না বলে আশ্বস্ত করে নাগরিকদের আতঙ্কিত না–হওয়ার আবেদন জানিয়েছেন গভর্নর। যদিও বিভিন্ন স্টোর, সুপারমার্কেটে উপচে পড়া ভিড় নজরে এসেছে ইতিমধ্যেই। বন্যার আশঙ্কায় ইনস্ট্যান্ট নুডলস, পানীয় জল, ক্যানড ফিশ কিনতে লম্বা লাইন পড়ছে। তবে মূলত নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে প্রশাসন। নদীর জল কতটা বাড়ল, সরকার তাঁদের নিরাপদ জায়গায় সরাতে উদ্যোগী হচ্ছে কি না, এ সব ব্যাপারে সচেতন থাকতে বলা হয়েছে তাঁদের।