৩০-৪৫-এ কেন বাড়ছে Heart Disease? জানালেন চিকিৎসক। Ei Samay
আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদরোগ দিবস। প্রাণ থেকে প্রেম, যে হৃদয় আপনার সর্বক্ষণের সঙ্গী, ধকধক করে জানান দেয় সে আছে, তার খেয়াল রাখাটাও যে আপনারই কর্তব্য। আর সেটা মনে করিয়ে দিতে, হার্ট সম্পর্কে আরও সচেতনতা বাড়াতেই আয়োজন এই World Heart Day-এর। একটা সময় ছিল যখন হার্ট অ্যাটাক বললেই মানুষ ভাবতো, বিষয়টা বয়স্কদের সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। যদিও বর্তমান ট্রেন্ড বলছে, সে সব সময় পাল্টেছে। জীবনযাত্রার মধ্যগগনে থাকা তরুণ ও যুবকরাই বরং বেশি ভুগছেন হৃদরোগে।
পরিসংখ্যান বলছে, জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় ৬০ শতাংশ-এর বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। যার মধ্যে আশঙ্কাজনক ‘স্টেমি’ (STEMI) এবং ‘নন-স্টেমি’ (NSTEMI) উভয় ধরনের রোগীই রয়েছেন। কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ডাঃ উদয়শঙ্কর দাস এই বিষয়ে বলেন, ‘রোগীদের বয়সের এই ব্যাপক পরিবর্তনই জনস্বাস্থ্যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইমারজেন্সি-তে এমন বহু রোগী আসছেন যাঁদের বয়স ৩০ থেকে শুরু করে ৪০ কোঠার শুরুর দিকে। ধমনীতে ব্লকেজ বা ম্যাসিভ হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।’