মুখ্যমন্ত্রীর বার্তার পরেও ফের পাহাড় কাটা শুরু, সরব বাসিন্দারা
এই সময়, পুরুলিয়া: পুরুলিয়ায় পাহাড়-টিলা কাটার প্রশ্নে নিষেধাজ্ঞা জারি করার কথা কড়াডি ময়দানের প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই বার্তাকে উপেক্ষা করেই ফের রঘুনাথপুরের বেড়োর চণ্ডী পাহাড় কাটার কাজ শুরু হয়েছে। শনিবার সামাজিক মাধ্যমে যন্ত্র দিয়ে সেই পাহাড় কাটার ছবি (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা।
‘চণ্ডী পাহাড় বাঁচাও’ কমিটির প্রশ্ন, পাহাড়ের অর্ধেক কেটে কি পাহাড়কে বাঁচানো যায়? মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞার পরেও খেলাইচণ্ডী পাহাড়ের একটি বড় অংশ খনন করা হয়েছে বলে দাবি কমিটির। জেলার সমাজ কর্মী অম্বরীশ মাহাতোর প্রশ্ন, ‘যদি পাহাড় কাটা বন্ধ করা হয়, তা হলে সেখানে পাহাড় কাটার যন্ত্র কনে রয়েছে?রীতিমতো শব্দ করে আগের মতো কাজ চলছে।’ তিনি যোগ করেন, ‘একটি পাহাড়কে রক্ষা করার অর্থ শুধু সেই পাহাড়কে বাঁচানো নয়। একই সঙ্গে প্রকৃতি, পরিবেশ ও মানুষের ভবিষ্যৎ রক্ষা করা।’
পরিবেশকর্মী তথা সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা মনে করেন, ‘তিলাবনি, পাঁজনিয়া, পাহাড়পুর, বেড়োর মতো পুরুলিয়ার এই পাহাড়-টিলাগুলি প্রিক্যামব্রিয়ান যুগের। চার থেকে পাঁচ হাজার মিলিয়ন বছরের পুরোনো। এটা ধ্বংস হলে আর কোনওদিন তা গড়া যাবে না।’ যোগ করেন, ‘পৃথিবীর উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস এই পাহাড়গুলির গায়ে লেখা আছে। গবেষকদের কাছে এগুলি অমূল্য দলিল। তাকে ধ্বংস না–করে জিও–ট্যুরিজ়ম গড়ে তোলা হোক। দরকারে তাকে ন্যাচারাল হেরিটেজ বলে ঘোষণা করা হোক। প্রত্যেকটি পাহাড়ের ইতিহাস লিখা রাখা দরকার। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটক এবং গবেষকরাও তার টানে এখানে আসবেন।’
বেড়ো গ্রামের বাসিন্দা আবির বন্দ্যোপাধ্যায়, বিবেক তন্তুবায়, মিঠুন বাউড়িরা বলছেন, ‘এলাকার মানুষ এই পাহাড় রক্ষায় আন্দোলনে নেমেছেন। মুখ্যমন্ত্রীর কথায় আশার আলো দেখেছিলাম। কিন্তু শুক্রবার থেকে ফের এই পাহাড়ে খননের কাজ শুরু হয়েছে। পেঁচা–সহ বিভিন্ন পাখি উড়ে বেড়াচ্ছে। খননের তীব্র শব্দে ওরা ঘর এবং দিশা হারিয়েছে।’
যদিও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন, ‘বিজেপি যে দিন থেকে আত্মপ্রকাশ করেছে, সেই দিন থেকে আমরা পাহাড় বা প্রকৃতি রক্ষার আন্দোলনে রয়েছি। আমাদের সরকার আসার পরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন সব বন্ধ করতে হবে। নথি না–দেখিয়ে পাহাড় কাটা যাবে না!’
প্রশ্নটা দাঁড়াচ্ছে, তার পরেও পাহাড় কাটছে কারা? কাদের ক্ষমতাবলে?