উত্তরের বিপর্যয়ে বিশেষজ্ঞ কমিটি, প্রশ্নের মুখে পাহাড়ের ভবিষ্যৎ
এই সময়: উত্তরবঙ্গের বন্যা বিপর্যয় থেকে পাহাড়ি ধসের স্থায়ী সমাধানের খোঁজে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল। প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী ড. একলব্য শর্মা’র নেতৃত্বে এই বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। দার্জিলিঙের জেলা শাসককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
এছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তর, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পুর ও নগরোন্নয়ন, পরিবেশ ও বন এবং সেচ ও জলপথ দপ্তরের প্রতিনিধি ছাড়াও কলকাতা, যাদবপুর, আইআইটি খড়গপুর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়,শিবপুর আইআইইএসটির বিশেষজ্ঞরা এই কমিটিতে আমন্ত্রিত হিসেবে থাকবেন।
উত্তরবঙ্গের ভূমিপুত্র ও আদিবাসীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হিমালয়ের পরিবেশ সুরক্ষায় বিশেষ করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা নিয়ে কমিটির চেয়ারম্যান একলব্য শর্মা দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন। যা আর্ন্তজাতিক স্বীকৃতি পেয়েছে। রাজ্য সরকার এবার উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় শর্মার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। মূল লক্ষ্য — পাহাড় থেকে তরাই-ডুয়ার্স পর্যন্ত বিপর্যয়ের ঝুঁকি কমিয়ে বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা তৈরি করা।
এই মুহূর্তে পাহাড়ের ভবিষ্যৎ বসতি ও উন্নয়নের কথা মাথায় রেখে নতুন ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল ও তুলনামূলক নিরাপদ এলাকা চিহ্নিত করা প্রয়োজন। কারণ, প্রতিবছরই পাহাড়ে ধস নামে। এই কমিটির বিশেষজ্ঞরা নিরাপদ এলাকা চিহ্নিত করণের কাজ করবেন।
দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিকের পরিকল্পিত সম্প্রসারণের জন্য প্ল্যানও করে দেবেন সদস্যরা। পাশাপাশি তিস্তা-তোর্সা-সহ উত্তরবঙ্গের পাহাড়ি নদীর বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা, ক্ষয়ক্ষতি কমানোর উপায় এবং বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।