‘যন্ত্রণায় কাঁদছিলাম!’ ধর্ষিতার বয়ানই ধরিয়ে দিল অভিযুক্তদের - 24 Ghanta Bangla News
Home

‘যন্ত্রণায় কাঁদছিলাম!’ ধর্ষিতার বয়ানই ধরিয়ে দিল অভিযুক্তদের

Spread the love

নয়াদিল্লি: দিল্লির আস্থা কুঞ্জ পার্কের গণধর্ষণের ঘটনায় এ বার সামনে এল বছর সতেরোর নির্যাতিতার বয়ান। জন্মদিনে ঘুরতে বেরিয়ে যে মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছে তাকে, সেই বিস্তারিত ঘটনা এফআইআরে জানিয়েছে সে। নির্যাতিতার বয়ান ঘটনাস্থল চিহ্নিত করা থেকে অভিযুক্তদের শনাক্ত করতেও পুলিশকে সাহায্য করেছে। পার্কের যে সমস্ত নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ, সেখান থেকে কন্ডোম–সহ নানা তথ্য–প্রমাণ সংগ্রহ করেছেন তদন্তকারীরা।

২১ সেপ্টেম্বর, জন্মদিনের বিকেলে ৫:৪৫ নাগাদ এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল হরিয়ানার ফরিদাবাদের ওই কিশোরী। পুজো দেওয়ার পরে চিপস, জলের বোতল কিনে আস্থা কুঞ্জ পার্কের ৭ নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকে তারা। পুলিশকে নির্যাতিতা জানায়, পার্কে কিছুক্ষণ বসার পরে ইসকনে যাওয়ার পরিকল্পনা ছি‍ল তাদের। বেঞ্চে বসে গল্প করার সময়ে আচমকা পিছন থেকে তিন জন এসে তাদের ঘেরাও করে। নিজেদের ‘পুলিশ’ হিসেবে পরিচয় দিয়ে অভিযুক্তরা দাবি করে— ‘এই সময়ে পার্কের এন্ট্রি বন্ধ, আপ‍নারা ঢুকলেন কী করে?’ এমনকী, প্রাথমিক সন্দেহ এড়াতে মেয়েটির সঙ্গে থাকা ওই কিশোরকে ‘স্যর’ বলে সম্বোধন করে তারা। মেয়েটি পুলিশকে জানায়, বন্দুক উঁচিয়ে মোবাইল ফোনগুলি ছিনিয়ে নিয়ে দু’জনকে আলাদা করে দেওয়া হয়। তখন মেয়েটি বলেছিল — ‘যা বলার এখানেই বলুন, প্রয়োজনে আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলু‍ন।’

এফআইআরের বয়ান অনুযায়ী, বেগুনি শার্ট পরা অভিযুক্তের কাছে ছি‍ল আগ্নেয়াস্ত্র। তাকে বাকি দু’জন আসিফ বলে ডাকছিল। নির্যাতিতার কথায়, ‘অন্ধকার বেশি এমন সব জায়গায় নিয়ে গিয়ে ওরা একে একে আমাকে ধর্ষণ করে। যন্ত্রণায় কাঁদছি‍লাম। এর পরেই আমায় তাড়াতাড়ি জামা পরতে বলে বন্ধুর কাছে নিয়ে যায়। হুমকি দেয়, থানা–পুলিশ করলে প্রাণে মেরে ফেলবে।’ নির্যাতিতার বয়ানে অভিযুক্তদের নাম, পোশাকের বিবরণ–সহ ৩০০টির–ও বেশি স্থানীয় সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত আসিফ এবং দুই ভাই হেমন্ত ও মহেশকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *