Bigg Boss Bangla: রবিবার বিগ বস থেকে আউট হবে কে? কোন দু'জনের নাম এল সামনে? | Bigg boss bangla eviction sohini paul nandini elimination speculation - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: রবিবার বিগ বস থেকে আউট হবে কে? কোন দু’জনের নাম এল সামনে? | Bigg boss bangla eviction sohini paul nandini elimination speculation

Spread the love

দেখতে দেখতে ফের চলে এল ‘বিগ বস বাংলা’-র সপ্তাহের সবথেকে উত্তেজনাপূর্ণ পর্ব—এভিকশন রবিবার। অর্থাৎ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদার দরবার’-এ বিচারপর্বের দিন। গত কয়েক দিন ধরে বিগ বসের ঘরে ঝগড়া, প্রেম আর তুমুল অনিয়ম ঘিরে রীতিমতো শোরগোল চলছে। একদিকে টাস্কে সৃজলার চোট পাওয়া, অন্যদিকে রাজবীর ও নন্দিনীর প্রেম পর্বের নিত্যনতুন মোড়; তার সঙ্গে আবার সোনমণি ও নিরঞ্জনের বাগ্‌যুদ্ধ—সব মিলিয়ে বিতর্ক আর উত্তেজনার পারদ এখন চরমে।

বিগ বসের ঘরের এমন এক বারুদঠাসা আবহের মাঝেই নেমে আসতে চলেছে বিদায়ের ঘণ্টা। দর্শকরা ভোট দিয়ে কাকে বাঁচালেন আর কাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা রবিবারই স্পষ্ট করে দেবেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে পর্বটি সম্প্রচারের আগেই চর্চায় দুটি নাম সবচেয়ে বেশি উঠে আসছে—সোহিনী এবং নন্দিনী।

নেটপাড়ার গুঞ্জন বলছে, এবারের এভিকশনে বাদের খাতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তাপস পাল-কন্যা সোহিনী পাল। দর্শকমহলের একাংশের মতে, শো-এর শুরু থেকেই সোহিনী বেশ নিষ্ক্রিয়। এমনকী, ঘরের ক্যাপ্টেন হওয়ার সুযোগ পেলেও লাইমলাইটে আসতে বা খেলা জমাতে পুরোপুরি ব্যর্থ তিনি।

অন্যদিকে, নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে দ্বিতীয় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে নন্দিনীর কথা। গত কয়েক দিনে তাঁর একের পর এক কাণ্ডকারখানা দর্শকদের একাংশের মোটেই পছন্দ হয়নি। বিশেষ করে টাস্ক খেলতে গিয়ে সৃজলা আহত হওয়ার পেছনে নন্দিনীর ভূমিকাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তাঁকে খলনায়িকার তকমা দিয়েছেন অনেকে। ফলে এই নেগেটিভ প্রভাব তাঁর ঝুলিতে ভোট কমাতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এই দুই চর্চিত নামের পাশাপাশি দীপেন্দু, ঝিলম এবং নিরঞ্জনের নামও রয়েছে জল্পনার তালিকায়। শেষ পর্যন্ত দর্শকদের রায়ে কার যাত্রা শেষ হবে বিগ বসের ঘরে—সোহিনী নাকি নন্দিনী? নাকি অন্য কোনও চমক অপেক্ষা করছে? উত্তরের জন্য এখন রবিবার রাতের মহারণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তার আগে শনিবার বিগ বসের ঘরে এন্ট্রি নিচ্ছেন মিস ওড়িশা অনুষ্কা ঘোষ। তাঁর সমীকরণ কী থাকে, সেদিকেও নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *