Amitabh Bachchan: শাহরুখের সঙ্গে কেমন সম্পর্ক অমিতাভের ? অবশেষে মুখ খুললেন বিগ বি | Amitabh bachchan praises shah rukh khan on kbc 18 rajkummar rao - 24 Ghanta Bangla News
Home

Amitabh Bachchan: শাহরুখের সঙ্গে কেমন সম্পর্ক অমিতাভের ? অবশেষে মুখ খুললেন বিগ বি | Amitabh bachchan praises shah rukh khan on kbc 18 rajkummar rao

Spread the love

জীবন যুদ্ধে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা বারবার প্রমাণ করেছেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। এবার তাঁর সেই অদম্য জেদ ও হার না মানা মনোভাবের প্রশংসায় পঞ্চমুখ হলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র ১৮ নম্বর মরশুমের একটি পর্বে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে খোলামেলা আড্ডায় শাহরুখের অনুপ্রাণিত করার ক্ষমতা নিয়ে স্মৃতিচারণ করেন বিগ বি।

অনুষ্ঠানে রাজকুমার রাও স্মৃতিচারণ করে জানান, শাহরুখ খানের মতোই তিনিও দিল্লির ছেলে এবং অত্যন্ত অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক ছিল। নিজের শুরুর দিনগুলোর কথা মনে করে রাজকুমার বলেন, দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটার ও টেলিভিশনে কাজ করে যেভাবে শাহরুখ পরবর্তীতে বলিপাড়ায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন, তা মুম্বইয়ে তাঁর নিজের শুরুর দিনগুলোতে দারুণ সাহস জোগাত। পাশাপাশি রাজকুমার জানান, তাঁর মায়ের ঘরে সবসময় অমিতাভ বচ্চনের একটি পোস্টার লাগানো থাকত এবং অমিতাভ নিজেও তাঁর জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা।

শাহরুখের প্রসঙ্গ উঠতেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেন অমিতাভ বচ্চন। তিনি জানান, কিং খান এমন একজন মানুষ যিনি যেকোনও কঠিন পরিস্থিতিতেও সহজে পরাজয় স্বীকার করেন না।

সহ-অভিনেতা হিসেবে শাহরুখের প্রশংসা করে অমিতাভ বলেন, তাঁর চারপাশে থাকা মানুষজনদের উৎসাহিত করা এবং কঠিন সময়ে তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার এক দারুণ ক্ষমতা রয়েছে শাহরুখের। বিগ বি-র কথায়, “সমস্যা যাই হোক না কেন, ও সোজা কথা বলে এবং সামনে থাকা মানুষটির মনোবল ও আত্মবিশ্বাস এক নিমেষে বাড়িয়ে দেয়।”

বলিউড গুঞ্জনে বহুদিনই ছিল, অমিতাভের সঙ্গে নাকি শাহরুখের একটা ঠান্ডা লড়াই চলে অনবরত। সেই গুঞ্জনে ইতি টেনে অমিতাভ জানান, শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ ছিল। কেননা, শাহরুখ বরাবরই তাঁকে সিনিয়র বলে যথেষ্ট সম্মান করে এসেছেন। আর অমিতাভও শাহরুখকে স্নেহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *