মিড ডে মিলে পাতে বিরিয়ানি, খুশিতে টুইটুম্বুর খুদে পড়ুয়ারা - 24 Ghanta Bangla News
Home

মিড ডে মিলে পাতে বিরিয়ানি, খুশিতে টুইটুম্বুর খুদে পড়ুয়ারা

Spread the love

দীর্ঘ দিন ধরেই পড়ুয়াদের আবদার ছিল বিরিয়ানি খাওয়ার। সেই আবদার মেটানোর জন্য পরিকল্পনা করছিলেন শিক্ষকরা। অবশেষে এল সেই দিন। শুক্রবার মিড ডে মিলে পাতে পড়ল বিরিয়ানি। একটা নয়, দক্ষিণ দিনাজপুরের ২টো স্কুলে এ দিন দেখা গেল সেই ছবি। শুক্রবার বালুরঘাটের বিদয়পুর প্রাথমিক বিদ্যালয় ও কুমারগঞ্জের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের পাতে পড়ল পছন্দের বিরিয়ানি। আবদার মেটায় খুশি পড়ুয়াদের দল।

বালুরঘাট ব্লকের বিদয়পুর প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২০ জন পড়ুয়া রয়েছে। ওই স্কুলে রয়েছেন ৫ জন শিক্ষক-শিক্ষিকা। এ দিন বিদয়পুর স্কুলে সহকারী শিক্ষক শ্রেয়া কুন্ডু রাঁধুনিদের সাহায্যে চিকেন বিরিয়ানির আয়োজন করেন। অন্যদিকে কুমারগঞ্জের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়া ৯৬ জন। তার মধ্যে এ দিন স্কুলে উপস্থিত ছিল ৭৮ জন। ওই স্কুলেও ৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বাচ্চাদের আবদার মেনে ওই স্কুলে মিড ডে মিলের মেনু ছিল আলু বিরিয়ানি আর ডিম কষা।

রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতম সরকার বলেন, ‘বাচ্চারা দীর্ঘ দিন ধরে আমাদের কাছে আবদার করছিল বিরিয়ানি খাবে। তাই আজ সকলে মিলে এই সিদ্ধান্ত নেই। বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খেয়েছে।’

বিদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রেয়া কুন্ডু বলেন, ‘আমাদের স্কুলের বাচ্চারা চিকেন বিরিয়ানি খাবে বলে আবদার করছিল। সেই আবদার আমরা ফেলতে পারিনি। আজ স্কুলে বাচ্চাদের চিকেন বিরিয়ানি করে খাওয়ানো হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *