আদালতে খোরপোশের শুনানি, বেরোতেই স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য
আদালত চত্বরেই স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ফ্যামিলি কোর্টের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে স্বামী মণীশকুমার মিশ্র এবং শ্বশুরবাড়ির আরও দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়া ত্রিপাঠী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই মণীশের সঙ্গে বিবাদ শুরু হয়। খুঁটিনাটি বিষয় নিয়ে দু’জনের ঝগড়া হতো বলে অভিযোগ। শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে খোরপোষের মামলা দায়ের করেন প্রিয়া। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই মহারাজগঞ্জ ফ্যামিলি কোর্টে হাজির হয়েছিলেন তিনি।
প্রিয়ার অভিযোগ, শুনানি শেষ হওয়ার পর দুপুর ২টো নাগাদ এজলাস থেকে বেরিয়ে নীচের একটি হলঘরে যান তাঁরা। প্রিয়ার সঙ্গে ছিলেন তাঁর বাবা ও বোন। সেখানেই তাঁর উপরে হামলা হয় বলে অভিযোগ। প্রিয়ার দাবি, আচমকাই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন মণীশ। এমনকী তাঁর গলা টিপে ধরা হয় বলেও অভিযোগ প্রিয়ার। তাঁকে বাঁচাতে যান বাবা লক্ষ্মীকান্ত এবং বোন প্রিয়াঙ্কা। তাঁদের উপরেও হামলা হয় বলে অভিযোগ তাঁর।
ঘটনার একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন) ক্লিপ পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রিয়া। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়ার চুলের মুঠি ধরে টানছেন মণীশ এবং আরও দু’জন। টানাটানির মাঝে পড়ে যান তিনি। সেই অবস্থাতেই প্রিয়াকে কিল, চড়, ঘুষি মেরে যাচ্ছেন তিন জন। এমন ঘটনা দেখে লোক জড়ো হয়ে যায়। ছুটে আসেন পুলিশকর্মীরাও।
এর পরেই কোতোয়ালি থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়া। তাঁর দাবি, তিনি স্বামীর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার আগে ও পরে ঠিক কী হয়েছিল, তা জানতে প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্তের পরেই পরবর্তী আইনি পদক্ষেপের করা হবে।