ডিজিটাল ও সৌরশক্তিতে গুরুত্ব, শহরে যত্রতত্র হোর্ডিং রুখতে নয়া পুর-নীতি আনছে রাজ্য
এ প্রসঙ্গে বিধাননগর পুরনিগমের বিজ্ঞাপন বিভাগের প্রাক্তন আধিকারিক সৌম্য চৌধুরী বলেন,‘বিজ্ঞাপনের বিশালাকার কাঠামো নির্মাণের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেশন বাধ্যতামূলক করা খসড়ার সবচেয়ে ইতিবাচক দিক। বাতাসের গতিবেগ সহ্য করার ক্ষমতা এবং উপাদানের ভার বহন করার শক্তি বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই না করলে বড় বিপদ ঘটার সম্ভাবনা থেকে যায়।’ এছাড়া, ফ্লেক্সের বদলে আধুনিক ডিজিটাল ও সৌরশক্তিচালিত ডিসপ্লে বোর্ডের ব্যবহার শুধু দূষণই কমাবে না, বরং ঝড়ের সময়ে বাতাসের চাপ কমিয়ে দুর্ঘটনা এড়াতেও সাহায্য করবে বলে বক্তব্য পরিবেশ কর্মী সুভাষ দত্তের। বিজ্ঞাপন বিশেষজ্ঞদের মতে, এই নীতি কার্যকর হলে একদিকে যেমন শহরের চেহারা অনেক বেশি পরিচ্ছন্ন হবে, তেমনই বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে ব্যবসা পরিচালনা করা সহজ হবে।