টোটো উল্টে জখম ছাত্রী, হাসপাতাল থেকে পরীক্ষা
এই সময়, ঘাটাল: নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার্থী। শেষে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে হলো ছাত্রীকে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ঘাটাল থানার নিশ্চিন্দীপুর এলাকায়। টোটোয় থাকা যাত্রীরা জানান, টোটো চলাকালীন চালক আচমকা ব্রেক কষেন। নিয়ন্ত্রণ রাখতে না পেরে যাত্রী সমেত টোটোটি রাস্তায় উল্টে যায়। টোটোয় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। পরীক্ষার্থীর বাঁ পা চাপা পড়ে টোটোর নীচে। তড়িঘড়ি স্থানীয়রা অন্য একটি গাড়িতে করে আহত যাত্রীদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ঘাটাল থানার পুলিশ ও বিধায়ক শীতল কপাট।