‘কারচুপির অভিযোগ তুলেও ভোটে লড়াই কী ভাবে? অংশগ্রহণ মানেই নির্বাচনকে বৈধতা,’ বিরোধীদের তোপ দীপকের
নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে সরব বিরোধী দলগুলি। অভিযোগের সেই উত্তপ্ত আবহের মধ্যেই ভোটে অংশ নেওয়া নিয়ে বিরোধীদের কাছেই প্রশ্ন তুললেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, ‘কোনও নির্বাচনকে কারচুপিপূর্ণ বলা হলে সেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েও বিরোধীদের অবস্থান স্পষ্ট করা দরকার।’ তাঁর দাবি, অভিযোগ করা এবং একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়া পরস্পরবিরোধী অবস্থান।
দীপকের কথায়, ‘আপনি বারবার বলতে পারেন না যে খেলায় চুরি হচ্ছে, এই ম্যাচ ফিক্সড। অথচ সেই খেলাতেই খেলে যাচ্ছেন।’ তাঁর বক্তব্য, ভোটে অংশ নিলে এমন একটি ব্যবস্থাকেই স্বীকৃতি দেওয়া হয়, যেটিকে বিরোধীরা নিজেরাই অবাধ ও সুষ্ঠু নয় বলে অভিযোগ করছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে সিজেপি প্রতিষ্ঠাতা লিখেছেন, ‘ভোটে কারচুপি হচ্ছে। কিন্তু আপনি যদি কারচুপির নির্বাচনে অংশগ্রহণ করেন, তা হলে সেগুলিকেই বৈধতা দেওয়া হয়ে যায়। একইসঙ্গে এই নির্বাচন অবাধ এবং স্বচ্ছ এমন একটি ভুল ধারণাও তৈরি হয়।’
সুর আরও চড়িয়ে বিরোধীদের উদ্দেশে CJP নেতা বলেন, ‘এটা রাজনৈতিক টিকে থাকা বলে না। কোন ধরনের অস্তিত্ব টেকানোর চেষ্টা করছেন আপনারা? এই ব্যবস্থা যখন খুশি আপনাদের দুর্বল করতে দিতে পারে। যখন ভোট চুরি হয়ে যাচ্ছে, তখন এই ব্যবস্থা যখন খুশি দল ভেঙে দিতে পারে অথবা আপনাদের নির্বাচিত প্রতিনিধিদের নিজেদের দিকে টেনে নিতে পারে।’ বিশেষজ্ঞদের মতে, দীপকে মহারাষ্ট্র এবং সম্প্রতি ভোট পরবর্তী বাংলায় ভূতপূর্ব শাসক দলের বর্তমান অবস্থাকে ইঙ্গিত করেছেন।
দীপকের বক্তব্যের কেন্দ্রে রয়েছে বিরোধী দলগুলির নির্বাচনী কৌশল। তাঁর প্রশ্ন, যদি সত্যিই ভোটে কারচুপির অভিযোগ থাকে, তা হলে শুধু কোনও নির্দিষ্ট রাজ্য, দল বা রাজনৈতিক নেতার ক্ষেত্রে সেই অভিযোগ তোলা হবে কেন? তাঁর কথায়, ‘যদি নির্বাচনে কারচুপি হয়ে থাকে, তা হলে কোন রাজ্য বা কোন দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়।’
একই সঙ্গে তিনি একটি ‘ফিক্সড ম্যাচ’-এর উদাহরণ দিয়ে যুক্তি দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘যেমন ফিক্সড ম্যাচে সব ক্যাচই পড়ে যায় না। কিছু ক্যাচে আউটও হয়। যাতে মনে হয় কাঁটায় কাঁটায় লড়াই। তেমনই কোনও নির্বাচন কারচুপিপূর্ণ বলে অভিযোগ থাকলেও বিরোধীরা সেই নির্বাচনে অংশ নিয়ে কিছু আসনে জিততে পারেন। তাতে বাধা দেওয়া হয় না। এতে বাইরে থেকে গোটা প্রক্রিয়াটিকে একটি স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বলে মনে হতে পারে।’
২ অক্টোবর আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি
এই মন্তব্যের ঠিক এক দিন আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছিলেন দীপকে। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন CJP নেতা। এ দিন তিনি ঘোষণা করেন, জ্ঞানেশ কুমার ২৬ সেপ্টেম্বরের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা না দিলে, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বই থেকে শুরু হবে আন্দোলন। সেই আন্দোলন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়বে।
SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে বর্তমানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই বিষয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই বিরোধী দলগুলি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি ও নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের সদস্যদের মধ্যে মতপার্থক্য বা লিখিত নোট দেওয়া প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং SIR-সহ সিদ্ধান্তগুলি সর্বসম্মত ভাবেই নেওয়া হয়েছে।
দীপকে অবশ্য তাঁর অভিযোগের ভিত্তিতে SIR প্রক্রিয়া স্থগিত করা, আসন্ন নির্বাচন থামিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।