স্বীকৃতির অপেক্ষায় তিনশো বিএড কলেজ, সতর্ক করল বিশ্ববিদ্যালয়
এই পরিস্থিতিতেই বিএড শিক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায়ে কড়া পদক্ষেপের কথা জানাল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বুধবারের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে অনুমোদিত এবং নতুন অনুমোদনের অপেক্ষায় থাকা কলেজগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কলেজের অনুমোদন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (এনসিটিই)–এর নির্দেশিকা এবং প্রতিষ্ঠানের পরিকাঠামোগত যোগ্যতার উপরে ভিত্তি করেই দেওয়া হয়। কোনও ব্যক্তি, দালাল বা বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের অর্থের বিনিময়ে বা উপঢৌকনের মাধ্যমে অনুমোদন পাওয়ার চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এমন দুর্নীতির প্রমাণ পেলে অবিলম্বে সংশ্লিষ্ট কলেজের অনুমোদন প্রক্রিয়া বাতিল করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অর্থের বিনিময়ে পরীক্ষায় ছাত্রছাত্রীদের অসদুপায় অবলম্বনে সাহায্য করার বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, বেশ কিছু কলেজের মালিক, শিক্ষক এবং পড়ুয়া এই চক্রে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপে যুক্ত থাকলে অভিযুক্ত শিক্ষক, আধিকারিক এবং কলেজের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট এবং কলেজের অনুমোদন স্থায়ী ভাবে বাতিল করে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করেছেন।