শিক্ষিকা একজনই, অবসর নিচ্ছেন এ মাসে, অতঃকিম!
মঙ্গলবার তিনি বললেন, ‘আমাকে একাই প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াতে হয়৷ একটি ঘরেই সব ক্লাসের ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে পড়াই৷ কিন্তু আমি এ মাসেই অবসর নেব৷ তার পরে কী হবে, জানি না৷ প্রশাসনকে আমি সবই জানিয়েছি।’ তিনি জানালেন, শিক্ষাকেন্দ্রে সব শ্রেণি মিলিয়ে ৫০ জন পড়ুয়া রয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানালেন, বাঁধমুড়ো মাঠপাড়া এলাকায় দেড়শো–দু’শো পরিবারের বসবাস৷ কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় বলতে দুই কিলোমিটার দূরের স্কুল৷
বাঁধমুড়ো মাঠপাড়ার ফতেমা খাতুন, আসিয়া খাতুন, ফারসিনা খাতুনরা বললেন, ‘আমাদের স্বামীরা ভিন রাজ্যে কাজ করেন৷ আমরাও কাজে বেরই। এই স্কুলই আমাদের ভরসা। সামনেই শিক্ষিকা অবসর নেবেন। আমাদের ছেলেমেয়েদের কী হবে!’ তাঁরা আরও জানালেন, ঘরের কাছে এই শিক্ষাকেন্দ্র থাকায় বাচ্চারা একা একাই যেতে পারে, তাঁরাও নিশ্চিন্তে থাকেন। দুই কিলোমিটার দুরের স্কুলে না ওদের একা পাঠানো যাবে, না নিজেদের কাজ ছেড়ে তাঁদের পক্ষে দিয়ে আসা আর নিয়ে আসা সম্ভব। একের পরে এক শিক্ষক অবসর নিলেও কেন এত দিন তাঁদের কারও জায়গায় এই শিক্ষাকেন্দ্রে কাউকে নিয়োগ করা হয়নি, সে প্রশ্নও রয়েছে তাঁদের।