জাল সার্টিফিকেট বানিয়ে হাপিশ লক্ষ লক্ষ টাকা, প্রতারিত হয়ে মাথায় হাত বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের
ব্যাঙ্কের পাঠানো কর্মীর কথায় ভরসা করে জমা করেছিলেন মোটা অঙ্কের টাকা। বেসরকারি একটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (এফডি) করেছিলেন অনেকে। ব্যাঙ্কের তরফে তাঁদের দেওয়া হয়েছিল সার্টিফিকেট এবং অন্যান্য নথিও। কিন্তু এখন মাথায় হাত পড়েছে ওই গ্রাহকদের। কারণ, সেই নথি নিয়ে ওই ব্যাঙ্কের ব্যান্ডেল শাখায় যাচাই করতে গিয়ে তাঁরা দেখেন,সংশ্লিষ্ট এফডির নামে থাকা অ্যাকাউন্টে কোনও টাকা জমা নেই। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যাঙ্ককর্মীকে। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন ওই ব্যাঙ্কের ম্যানেজার। তবে, ওই জমা দেওয়া টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না তা নিয়েই উদ্বিগ্ন গ্রাহকরা।