দুই দশকের মধ্যে সবচেয়ে সস্তা হয়েছে হিরে, কেন দামে এই পতন? - 24 Ghanta Bangla News
Home

দুই দশকের মধ্যে সবচেয়ে সস্তা হয়েছে হিরে, কেন দামে এই পতন?

Spread the love

গত দুই দশকের মধ্যে সবচেয়ে সস্তা হয়েছে প্রাকৃতিক হিরে। ২০২১ সালের সর্বোচ্চ দামের তুলনায় পাইকারি বাজারে এখন হিরের দাম ৩০-৪০ শতাংশ কম। দুর্বল চাহিদা, বাজারে বাড়তি জোগান এবং ল্যাবে তৈরি কম দামের হিরের সঙ্গে প্রতিযোগিতাই এই পতনের মূল কারণ বলে TradingView-এর একটি রিপোর্টে জানানো হয়েছে।

বর্তমানে সাধারণ মানের ১ ক্যারাটের প্রাকৃতিক গোলাকার হিরের খুচরো দাম প্রায় ৩,৫৩০ থেকে ৩,৮৬০ ডলারের মধ্যে রয়েছে। এর বিপরীতে ল্যাবে তৈরি হিরের দাম অনেকটাই কম। রাসায়নিক গঠনের দিক থেকে প্রাকৃতিক হিরের সঙ্গে এগুলির কোনও পার্থক্য নেই। তবে সাধারণত ল্যাব-গ্রোন হিরে প্রাকৃতিক হিরের তুলনায় ৭০-৮৫ শতাংশ পর্যন্ত সস্তা।

TradingView-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের পরে থেকে ল্যাবে তৈরি হিরের পাইকারি দাম ৭৫ শতাংশেরও বেশি কমেছে। শুধু মার্চ ২০২৫ থেকে ল্যাব-গ্রোন হিরের দাম কমেছে ২৯.৯ শতাংশ। একই মানের প্রাকৃতিক হিরের দাম ওই সময়ে কমেছে প্রায় ৪ শতাংশ।

ল্যাব-গ্রোন হিরের জোগানে এগিয়ে চিন

ল্যাবে তৈরি হিরের বাজারে চিন এখন বড় শক্তি। বিশ্বের মোট সিন্থেটিক হিরের ৬০ শতাংশেরও বেশি উৎপাদন হয় চিনে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে চিন থেকে ল্যাব-গ্রোন হিরের রপ্তানি বছরে ৬৫.৩ শতাংশ বেড়েছে। ফলে ইতিমধ্যেই দুর্বল বাজারে সস্তা হিরের জোগান আরও বেড়েছে।

এর প্রভাব পড়ছে মাঝারি মানের প্রাকৃতিক হিরের উপরও। কারণ এই ধরনের হিরে এবং ল্যাব-গ্রোন হিরে অনেক ক্ষেত্রেই একই ক্রেতাদের কাছে বিক্রি হয়। তবে বড় আকারের এবং উচ্চ মানের প্রাকৃতিক হিরে এখনও তুলনামূলক ভাবে বেশি দাম ধরে রেখেছে। বিরল হওয়াই এর অন্যতম কারণ।  

Bitcoin-এর সঙ্গে তুলনা কেন ঠিক নয়?

হিরের দাম কমার প্রসঙ্গে অনেক সময় Bitcoin-এর সীমিত জোগানের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু দুই সম্পদের ক্ষেত্রে বিষয়টি এক নয়। কারণ প্রতিটি হিরের মান একই নয়। কাট, রং, স্বচ্ছতা এবং ভিতরের ত্রুটির উপর নির্ভর করে ১ ক্যারাট হিরের দামও অনেক বদলে যেতে পারে।

অন্যদিকে Bitcoin একটি fungible বা সমজাতীয় সম্পদ। অর্থাৎ প্রতিটি Bitcoin-এর মূল্য একই ধরনের। তার মোট জোগানও ২ কোটি ১০ লক্ষ কয়েনে সীমাবদ্ধ।

ল্যাব-গ্রোন হিরের উৎপাদন প্রযুক্তি উন্নত হওয়ায় এখন একই রাসায়নিক বৈশিষ্ট্যের হিরে বড় পরিমাণে তৈরি করা সম্ভব। ফলে প্রাকৃতিক হিরের ‘বিরল’ হওয়ার ধারণার উপরও চাপ তৈরি হয়েছে বলে TradingView-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে বড়, উজ্জ্বল রং ও স্বচ্ছ প্রাকৃতিক হিরের চাহিদা এখনও তুলনামূলক শক্তিশালী। দামও বেশি।কিন্তু এই ধরনের হিরে গোটা বাজারের খুব ছোট অংশ। ফলে বিশেষ করে চিনে ল্যাব-গ্রোন হিরের উৎপাদন বাড়তে থাকলে ভবিষ্যতেও গোটা হিরের বাজারে দামের উপর চাপ বজায় থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *