সিনেমা তৈরির জন্য বাড়ি বন্ধক দিতে হয়েছিল দিয়াকে? কঠিন সময় কী ভাবে সামলেছেন অভিনেত্রী?
শুধু অভিনয় নয়, একটা সময়ে ছবি প্রযোজনাও করেছেন দিয়া মির্জ়া। আর যে কারণে বাড়ি বন্ধক পর্যন্ত রাখতে হয়েছিল তাঁকে। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তিনি ২০১৪ সালে তৈরি করেছিলেন ‘ববি জাসুস’। আর্থিক সমস্যা সত্ত্বেও বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে এতটুকুও অতিরিক্ত সময় নেননি তিনি।
‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিয়া মির্জ়া। ২০১৪ সাল নাগাদ ‘ববি জাসুস’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন দিয়া। বিদ্যাও রাজি ছিলেন অভিনয়ের জন্য। তবে মাঝপথেই সরে যান বিনিয়োগকারীরা। মহিলা প্রযোজক হওয়ার কারণেই হয়তো নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে মনে করেন দিয়া।
একটি সাক্ষাৎকারে দিয়া জানান, প্রযোজনায় আসার পরে তাঁকে বলা হয়েছিল, অভিনেত্রী হিসাবে তিনি আর কাজ পাবেন না। তাঁর কথায়, ‘প্রথম কেনা বাড়িটি আমি বন্ধক রেখেছিলাম। বিদ্যা বালানের মতো অসাধারণ অভিনেত্রীকে নিয়েও কাজ করতে পেরেছি। তবে এমন ঘটনা যে ঘটতে পারে এমনটা কল্পনাও করিনি কখনও।’
এমন একটা সময়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভাবেই হোক ছবিটি তৈরি করবেন। ব্যাঙ্ক থেকে লোন নেন, নিজের বাড়ি বন্ধক রাখেন। দিয়ার কথায়, ‘আমি কখনও বিদ্যাকে বলিনি পারিশ্রমিক কমাতে। কেরিয়ারের অন্যতম সেরা পারিশ্রমিকটা ওকে আমিই দিয়েছিলাম। ছবিটা যে ভাবে বানাতে চেয়েছিলাম, সেই ভাবেই বানিয়েছিলাম।’