ভুতনিতে 'দুয়ারে ডাক্তার', দেখে হতভম্ব বানভাসিরা - 24 Ghanta Bangla News
Home

ভুতনিতে 'দুয়ারে ডাক্তার', দেখে হতভম্ব বানভাসিরা

Spread the love

এই সময়, মালদা: এমনি সময়ে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যতই পরিচিতি থাকুক না কেন, দেখা মেলে না চিকিৎসকদের। কিন্তু এর উল্টো ছবির দেখা মিলছে ভুতনিতে। সেখানে মিলছে ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা। বানভাসিদের ঘরে ঘরে, আশ্রয় শিবিরে গিয়ে স্বাস্থ্য নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। চিকিৎসকদের এ ভাবে ঘরের দুয়ারে দেখে হতভম্ব হয়ে গিয়েছেন বানভাসিরা।

ফি বছরই মানিকচক ব্লকের এই ভুতনি থানা এলাকা গঙ্গার জলে প্লাবিত হয়। কিন্তু বিগত দিনে বানভাসিরা চিকিৎসকদের চোখে দেখেননি। কিন্তু এবার ভিন্ন দৃশ্য চোখে পড়ছে। ইতিমধ্যে ভুতনিতে বন্যার জল কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে জলবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই মানিকচক ব্লকের সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একাধিক চিকিৎসকের দল নৌকো নিয়ে ছুটে চলেছেন বাড়িতে, আশ্রয় শিবিরে।

ভুতনি থানার হীরানন্দপুর, উত্তর চণ্ডীপুর এবং দক্ষিণ চণ্ডীপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় লক্ষ মানুষ এ বছর বন্যায় ক্ষতির মুখে পড়েছেন। দুর্যোগের মধ্যেও প্রতিদিন নিয়ম করে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাক্তারবাবুরা টিম নিয়ে বানভাসিদের জন্য ঘুরে বেড়াচ্ছেন। উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালুটনটোলা এলাকার বৃদ্ধ দম্পতি কেশর মণ্ডল ও সুজাতা মণ্ডল বলেন, ‘আমাদের দু’জনেরই হাঁপানি আছে। তার উপর বাতের ব্যথা আর এই জল যন্ত্রণায় শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ডাক্তারবাবুরা যন্ত্রপাতি নিয়ে আমাদের কাছে এসে এ ভাবে চিকিৎসা পরিষেবা দেবেন, এটা কল্পনার বাইরে।’

বাললিটোলা গ্রামের বানভাসি গৃহবধূ সোনিয়া মণ্ডল, মামনি মণ্ডল বলেন, ‘নিয়মিত আমাদের এলাকায় ডাক্তারবাবুরা এসে ট্যাবলেট দিচ্ছেন এবং পরীক্ষা করছেন।’ তবে চিকিৎসক টিম ছাড়াও ৭৮ জন আশাকর্মী, ৯৪ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আরও ৪০ জন বিভিন্ন দপ্তরের কর্মীরা প্লাবিত এলাকায় ব্লিচিং ছড়ানো ও মশাবাহিত রোগ নিধনের প্রক্রিয়ার কাজ শুরু করেছেন। মানিকচকের বিএমওএইচ অভীকশংকর কুমার বলেন, ‘বানভাসিদের নিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। জলবাহিত রোগ ঠেকাতে পরিছন্নতার প্রচার করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *