এ বার বেশির ভাগ বাঙালিই সমুদ্রের দিকে ঝুঁকছেন পুজোয়
সোমনাথ মাইতি, দিঘা
আবার ঢাকের বাদ্যি। শিউলির গন্ধে ভরে উঠবে চারিদিক। এগুলিই মনে করিয়ে দেয় পুজো আসছে। এই মরশুমে অনেকেই বেড়াতে যান। এক বছর তাঁরা অপেক্ষায় থাকে বেড়াতে যাওয়ার জন্য। কেউ বেছে নেন পাহাড়, কেউ সমুদ্র। তবে এ বার বেশির ভাগ বাঙালিই সমুদ্রের দিকে ঝুকছেন। কারণ, নেপালের বিপর্যয়ের পরে অনেকেই পাহাড় যাওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছেন। কাশ্মীর, রাজস্থান, জলদাপাড়া লিস্টে থাকলেও বেশির ভাগ বাঙালির মধ্যে দিঘা, পুরী ও দার্জিলিং যাওয়ার প্রবণতা দেখা যায়। পুজোর ছুটিতে এ বার ভিড় বাড়ছে দিঘা ও মন্দারমণিতে। তাই তো সেখানকার বেশির ভাগ হোটেল এখন বুকিং হয়ে গিয়েছে—এমনটাই জানালেন দিঘা, মন্দারমণির হোটেল মালিকরা।