Ghatal: নামের বানানও ঠিক রয়েছে, ঠিকানাও ঠিক! তবুও আধার কার্ডের কোন ভুলে সব কিছু থেকে আজ বঞ্চিত বিশ্বজিৎ? | Aadhaar Card Error: Man Listed as Female for 5 Years, Chandrakona Youth Faces Harassment
পশ্চিম মেদিনীপুর: বছর পাঁচেক আগে আধার কার্ড করিয়েছিলেন। কার্ড যখন হাতে পেলেন, তখন থেকেই সমস্যা। নাম-ঠিকানা সবই ঠিক আছে। কিন্তু বিস্তর গন্ডগোল আসল জায়গাতেই। ‘Male’ হয়ে গিয়েছে ‘Female’, অর্থাৎ তিনি পুরুষ, হয়ে গিয়েছেন মহিলা। সরকারি খাতায় তিনি মহিলা। দীর্ঘ কয়েক বছর ধরে হয়রানির শিকার চন্দ্রকোণার বছর ত্রিশের যুবক বিশ্বজিৎ দত্ত।
চন্দ্রকোণার ১ ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ। তাঁর অভিযোগ, আধার কার্ড হওয়ার সময় থেকেই লিঙ্গের জায়গায় ভুল করে মহিলা উল্লেখ করা হয়েছে তাঁকে। দীর্ঘ কয়েক বছর ধরে মহিলা থেকে পুরুষ হওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন তিনি। আধার কার্ড সংশোধনের জন্য একাধিক জায়গায় ছুটেছেন, কিন্তু কোনও সমাধান হয়নি।
এর জেরে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছেন না। বঞ্চিত হচ্ছেন সমস্ত সরকারি পরিষেবা থেকে। বিশ্বজিৎ ভিনরাজ্যে সোনার গয়নার কারিগর হিসাবে কাজ করেন।
বিশ্বজিৎ বলেন, “আধার কার্ডটা তো একটা গুরুত্বপূর্ণ নথি। আমার জন্ম বাড়িতেই হয়েছিল, হাসপাতাল-নার্সিংহোমে না। তাই আমার জন্ম সার্টিফিকেটও নেই। পড়াশোনা বেশিদূর করতে পারিনি, তাই স্কুল সার্টিফিকেটও নেই। তাই এই কার্ডটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, যে কোনও সরকারি কাজের ক্ষেত্রে। আর সেখানেই ভুল হয়ে রয়েছে। কার্ড ঠিক করাতে অনেক ঘুরেছি। ঘাটাল গিয়েছি, চার বার করে আমুর গিয়েছি। কিন্তু এই ছোট্ট কিন্তু মারাত্মক ভুল ঠিক হল না।” পাশাপাশি তাঁর ভোটার কার্ডেও জন্মের তারিখ উল্লেখ নেই বলে তিনি জানিয়েছেন। ফলে আধার কার্ড ঠিক করাতে গিয়ে যে কোনও একটা পর্যাপ্ত গুরুত্বপূর্ণ নথি কোনওটাই জমা দিতে পারছেন না তিনি।
এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা মৃন্ময় দণ্ডপাট বলেন, “আগের তৃণমূল সরকারের আমলে আধার কার্ডে ভূরি ভূরি ভুল রয়েছে। বিষয়টি তাঁদের নজরে এসেছে, দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”