মুখ খুলতে চেয়ে PCB-র খাঁচাবন্দি রিজ়ওয়ান
রিজ়ওয়ান বিতর্ক, ঘটনার সূত্রপাত কী নিয়ে?
ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় চলাকালীন। কোনও সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সফরের মাঝপথে রিজ়ওয়ান, ইমাম উল হকসহ মোট সাত ক্রিকেটারকে তড়িঘড়ি দেশে ফেরত পাঠায় বোর্ড। পরবর্তীতে প্রকাশ্যে আসে যে, তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং ও অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। দেশে পা রাখতেই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) রিজ়ওয়ানকে টানা দুই ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করে এবং পিসিবির অ্যান্টি-করাপশন ও নিরাপত্তা দল তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। গত সপ্তাহে লাহোর হাইকোর্টে শুনানির সময় রিজ়ওয়ানের আইনজীবী কাজি উমাইর আলি প্রধান বিচারপতি আলিয়া নীলমকে জানান, টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর রিজওয়ানকে কোনও নোটিশ না দিয়েই আকস্মিকভাবে একটি হোটেলের লবিতে ডেকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয়। আইনজীবীর আরও দাবি, ‘মাত্র তিন ঘণ্টার মধ্যে ফোন ফেরত দেওয়া হবে বলে রিজ়ওয়ানের থেকে সেটি নেওয়া হয়েছিল; অথচ আজ পর্যন্ত সেই ব্যক্তিগত ফোন ফেরত দেওয়া হয়নি।’