ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে জয়ী দীপিকা, কবে পর্দায় ফিরছেন অভিনেত্রী?
দীর্ঘ বিরতির পর ফের কাজে ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে এখনই তাঁকে ধারাবাহিকে দেখা যাবে না। শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত দীর্ঘ সময়ের টেলিভিশন প্রজেক্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ভ্লগে কাজের জগতে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দীপিকা।
দীপিকা জানিয়েছেন, স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিয়োর হাত ধরে তাঁর কামব্যাক হচ্ছে। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পরে এ বার একটি মিউজিক ভিডিয়োয় শোয়েবের সঙ্গে কাজ করছেন দীপিকা। ইতিমধ্যেই শুটিং হয়ে গিয়েছে। শুটিং শুরুর আগে নাচের রিহার্সালও করেছেন দীপিকা।
তবে রিহার্সাল করতে গিয়ে দীপিকা বুঝেছেন আগের মতো আর ফিট নন তিনি। জানিয়েছেন, দীর্ঘ বিরতির পরে নাচের প্র্যাকটিস করতে গিয়ে তাঁকে প্রায় ১০ মিনিট অন্তর বিরতি নিতে হচ্ছিল। আগের তুলনায় তাঁর শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
দীপিকা স্পজানিয়েছেন, এই মুহূর্তে ধারাবাহিকে ফেরা তাঁর পক্ষে সম্ভব নয়। দীর্ঘ সময় ধরে প্রতিদিন শুটিং করতে হবে, বলে বর্তমান পরিস্থিতিতে এমন কোনও প্রজেক্ট নেওয়া তাঁর পক্ষে কঠিন। অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমার যা শারীরিক পরিস্থিতি, তাতে আমার মনে হয় না রোজ শুটিং করতে পারব। তা ছাড়া এমন কঠিন অসুখ নিয়ে কেই বা আমাকে কাস্ট করবে?’
তবে সিরিয়াল করতে না পারা নিয়ে কোনও আক্ষেপ নেই দীপিকার। বরং চিকিৎসার কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক বলেই বিষয়টিকে দেখছেন তিনি। তাঁর কথায়, চিকিৎসা চলছে এবং তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে—তাই আপাতত সেটাই মেনে নিয়ে এগোতে চান।