ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্যাংটকের একাধিক এলাকা, ফের ধসের আশঙ্কায় সতর্ক করল প্রশাসন
টানা বৃষ্টিতে বিপর্যস্ত গ্যাংটক জেলার একাধিক এলাকা। গত কয়েক দিনে ভারী বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। রাস্তার উপর মাটি, পাথর ও ধ্বংসাবশেষ এসে পড়েছে। ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও সরকারি পরিকাঠামো। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় ইতিমধ্যেই পৌঁছেছেন জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
কাবি তিংদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক টি টি ভুটিয়ার নেতৃত্বে প্রশাসনের একটি দল বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বলে জানা যায়। দলে ছিলেন বিধায়কের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, কাউন্সিলার, জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক এবং সড়ক ও সেতু দপ্তরের জাতীয় সড়ক শাখার ডিভিশনাল ইঞ্জিনিয়ার। কোথায় ধস নেমেছে, কোন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন বাড়ি বা কাঠামো ঝুঁকির মধ্যে রয়েছে, তা সরেজমিনে দেখা হয় বলেও জানা যায়।
সূত্রের খবর, বৃষ্টির জল যাতে আরও ক্ষতি করতে না পারে, সে জন্য ধসপ্রবণ কিছু ঢালু এলাকায় ত্রিপল দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রশাসনের আধিকারিকরা।
সিকিমের গ্যাংটক জেলার বোজোগাড়ির কাছে লুইং-রাংকা হাইওয়ে, লোয়ার বোজোগাড়ি, লিংদিং, হাই কোর্ট রোড, TNA গেট, VIP কলোনি এবং আপার জেড-বোজোগাড়িতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
পাশাপাশি বৃষ্টিতে সিচ্ছে এলাকার একটি নিকাশি জল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্চে স্কুলের ৩৩/১১ কেভি সুইচিং স্টেশনের কাছেও ধ্বংসাবশেষ জমেছে। জায়গাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নজরদারি চলছে।
এ দিকে, নতুন করে ধস নামার আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। ধসপ্রবণ এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢালু এলাকায় বসবাসকারীদের রাতে বিশেষ সতর্ক থাকতেও বলা হয়েছে প্রশাসনের তরফে।