পড়ুয়া মৃত্যু নিয়ে আগের মন্তব্যের জেরে ক্ষমাপ্রার্থী IIT Bombay, সাসপেন্ড অভিযুক্ত ডিনকে
সম্প্রতি ক্যাম্পাসের মধ্যে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় একটি মন্তব্য করেছিল আইআইটি বম্বে কর্তৃপক্ষ। তা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় পড়ুয়াদের মধ্যে। অবশেষে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইল আইআইটি বম্বে কর্তৃপক্ষ। সোমবার বিজ্ঞপ্তি গিয়ে তারা জানিয়েছে, গোটা ঘটনাটি যেহেতু তদন্তের আওতায় রয়েছে, সেই কারণে ওই ঘটনায় যাবতীয় তথ্য সামনে আনা এবং মন্তব্য করা ঠিক হয়নি। তদন্তের মাধ্যমে প্রমাণিত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে বক্তব্য রাখাও উচিত হয়নি বলে জানিয়েছে আইআইটি বম্বে কর্তৃপক্ষ। এর আগে যে নোটিশ দিয়েছিল IIT Bombay, সেখানে বলা হয়েছিল, এনার্জি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন।
একই সঙ্গে পড়ুয়া মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় থাকা ডিন সূর্যনারায়ণ দুল্লাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে আইআইটি বম্বে কর্তৃপক্ষ। এই অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছে নিহত পড়ুয়ার পরিবার।