মুম্বইয়ে ৩৫ দিন চিকিৎসার পরে বেলডাঙায় ফিরলেন ‘অন্য’ ইকবাল, কেমন আছেন তিনি? - 24 Ghanta Bangla News
Home

মুম্বইয়ে ৩৫ দিন চিকিৎসার পরে বেলডাঙায় ফিরলেন ‘অন্য’ ইকবাল, কেমন আছেন তিনি?

Spread the love

টানা ৩৫ দিনের চিকিৎসা। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ইকবাল  হোসেন। তাঁকে মুম্বইয়ে চিকিৎসা করানোর দায়িত্ব নিয়েছিল রিলায়েন্স। সোমবার ইকবালকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। খুশি পরিবারের লোকজন।

মুর্শিদাবাদের বেলডাঙার ১৮ বছরের ইকবালকে নিয়ে বেজায় চিন্তায় ছিলেন পরিবারের লোকজন। বছর পাঁচেক আগে থেকেই ইকবাল এলাকার বিভিন্ন পুকুরে জলে ভেসে সময় কাটাতেন। অনেকে তাঁকে ‘জলমানব’ বলে থাকেন। সম্প্রতি এলাকারই একটি পুকুরে সাতদিন ধরে ছিলেন ইকবাল। সেই খবর প্রকাশিত হয়েছিল ‘এই সময় অনলাইন’-এ। এর পরে ইকবালের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। ইকবালের এই দুর্দশার খবর সম্প্রচারিত হওয়ার পরে তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানায় রিলায়েন্স কোম্পানি। গত ১৩ অগস্ট মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া ফরাজিপাড়ায় ইকবালের গ্রামের বাড়িতে হাজির হন রিলায়েন্সের একটি টিম। ইকবালকে মুম্বইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।

দীর্ঘ ৩৫ দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে রবিবার রাতে ফের নিজের বাড়ি বেলডাঙায় ফিরলেন ইকবাল। তার মা কামিরণ বিবি বলেন, ‘রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের হাসপাতাল থেকে আমরা বের হই। এর পরে মুম্বই বিমানবন্দর থেকে ফ্লাইটে কলকাতা, সেখানে আমাদের জন্য রিলায়েন্স কোম্পানির গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িতে রাত ৯টা নাগাদ বাড়ি এসে পৌঁছেছি।’

তিনি জানান, ইকবাল এখন সুস্থ রয়েছে। শরীরের জ্বালা-পোড়া বা এগজি়মা এখন নেই। চিকিৎসক ওষুধ ও মলম দিয়েছেন। এখন কোনও সমস্যা নেই। বহরমপুর থেকে চিকিৎসক এসে নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও জানানো হয়েছে।

তবে বেলডাঙাবাসী যাঁরা আগে দেখেছেন, তাঁরা এখনকার ইকবালকে মেলাতে পারছেন না। তাঁদের কথায়, নিয়মের মধ্যে থাকার কারণে এখন ইকবালের চেহারা ভালো হয়েছে। ইকবাল স্বাভাবিক জীবনে ফিরে আসুক, চাইছেন সকলেই। এক প্রতিবেশী বলেন, ‘ ও তো একদম অন্যরকম ভাবে ফিরেছে। দেখে ভালো লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *