মাত্র ২৭-এই থামল প্রেসলির জীবন সফর, পুত্রশোকে বিহ্বল বিশ্বখ্যাত মডেল সিন্ডি ক্রফোর্ড
মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন বিশ্বখ্যাত সুপারমডেল সিন্ডি ক্রফোর্ডের ছেলে প্রেসলি গারবার। রবিবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। বেশ কিছু দিন ধরেই রিহ্যাবিলিটেশন সেন্টারে ছিলেন প্রেসলি। সূত্রের খবর, সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টও আসেনি।
পরিবারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই কঠিন সময়ে তাঁরা ব্যক্তিগত পরিসর এবং গোপনীয়তা বজায় রাখতে চান। ছোটবেলা থেকেই ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন প্রেসলি। মাত্র ১৫ বছর বয়সে IMG Models-এর সঙ্গে কন্ট্র্যাক্টে সই করেন। এরপর আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে শুরু করেন।
Moschino-র র্যাম্পে অভিষেকের পরে একাধিক নামী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন প্রেসলি। Calvin Klein, Celine, Dolce & Gabbana, Tommy Hilfiger, Ralph Lauren-সহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ব্যবসার যুক্ত ছিলেন বলে জানা যায়।
প্রেসলি তাঁর ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়ে বরাবরই তুলনামূলক ভাবে খোলামেলা ছিলেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং নেশার সমস্যার সঙ্গে তাঁর লড়াইয়ের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন তিনি। ২০২৩ সালে ‘Studio 22’ পডকাস্টে নিজের মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে কথা বলেছিলেন প্রেসলি।
প্রেসলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হলিউড এবং ফ্যাশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই মুহূর্তে পরিবার সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদন জানিয়েছে।