‘হীনমন্যতায় ভুগবেন না…’, প্রসবোত্তর বিষণ্ণতা ও শারীরিক পরিবর্তন নিয়ে সোচ্চার করিশ্মা
এক সাক্ষাৎকারে করিশ্মা জানান, গর্ভধারণের সময় থেকেই তিনি প্রসবোত্তর বিষণ্ণতা বা পোস্টপার্টম ডিপ্রেশনের সম্ভাবনা সম্পর্কে মানসিক ভাবে সচেতন ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই মানসিক পরিস্থিতি তিনি এড়াতে পারেননি। ‘আপনি আগে থেকে যত প্রস্তুতিই নেন না কেন, যখন হরমোনের খেলা শুরু হয়, তখন তা আপনার নিয়ন্ত্রণে থাকে না। খুব তুচ্ছ বিষয়েও হঠাৎ চোখে জল চলে আসে। মা হওয়ার এই আনন্দ আর মানসিক টানাপড়েনের ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন।’ তাই নতুন মায়েদের উদ্দেশে করিশ্মার স্পষ্ট বার্তা, মা হওয়ার পরে মানিয়ে নিতে সময় লাগলেও নিজেকে অপরাধী ভাবার কোনও কারণ নেই। প্রত্যেকটি নারীর মাতৃত্বের সফর আলাদা, তাই একজনের সঙ্গে অন্যজনের তুলনা করে কোনও লাভ নেই।