ক্যাশ দিলে ৫০, ইউপিআই পেমেন্টে ৫১! অজ্ঞতা নাকি লোক ঠকানো?
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
এক প্লেটে ৬টা দই–ফুচকা৷ নগদে নিলে দাম ৫০ টাকা৷ আর ইউপিআই পেমেন্ট করলে দাম পড়বে ৫১ টাকা! গাজ়িয়াবাদের বিখ্যাত শপিং মল থেকে ঢিলছোড়া দূরত্বে দাঁড়িয়ে বিহারের আদি বাসিন্দা মোহন কুমার (নাম পরিবর্তিত) তাঁর পানিপুরি স্টলে রীতিমতো বোর্ড লাগিয়ে ইউপিআই পেমেন্টে প্রতি প্লেট পিছু এক টাকা করে বেশি দাম নিচ্ছেন৷ কিন্তু কেন? আপনাকে তো অতিরিক্ত চার্জ দিতে হবে না? এখানে কেউ তো ২,০০০ টাকার বেশি জিনিস কিনছেন না? তা ছাড়া আপনি নিজের ব্যক্তিগত ইউপিআই স্ক্যানারে পেমেন্ট নিচ্ছেন, সেখানে সারচার্জের প্রশ্নও নেই৷ তা হলে? প্রশ্ন শুনে হতবাক ফুচকা বিক্রেতার একটাই উত্তর, ‘আগলা মহিনা সে হামারে উপর ভি চার্জ লাগেগা, ম্যাডাম’ (আগামী মাস থেকে আমার উপরেও চার্জ বসবে)! গাজ়িয়াবাদের এই ফুচকা বিক্রেতার কথায় স্পষ্ট, কেন্দ্রের ইউপিআই সারচার্জের সিদ্ধান্তকে হাতিয়ার করে, ক্রেতাদের কার্যত বোকা বানিয়ে বেশি দাম নেওয়ার ফাঁদ পেতে বসেছেন তাঁরা!