বার্বিকিউয়ে কেরোসিন না অন্য রাসায়নিক? দেখছে ফরেন্সিক টিম, সিটংয়ের হোমস্টেও বন্ধ করল পুলিশ
সব্যসাচী ঘোষ
সিটংয়ের হোমস্টেতে নববধূর আগুনে ঝলসে যাওয়ার সেই ঘটনায় বার্বিকিউতে কী তরল ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। হোমস্টের মালিক নিজে দাবি করেছিলেন, তাতে কেরোসিন ঢালা হয়েছিল। কিন্তু বার্বিকিউতে কেন কেরোসিন ঢালা হবে, প্রশ্ন তা-ও নিয়ে। এই প্রশ্নের উত্তর খুঁজতে এ বার ফরেন্সিক দলের সাহায্য নিচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বার্বিকিউ করা খুব সহজ ব্যাপার নয় এবং সকলে পারেনও না। এর জন্য প্রশিক্ষিত কর্মী প্রয়োজন হয়। তাই সিটংয়ের হোমস্টে কী তরল ব্যবহার করা হয়েছে, তা বোঝা ভীষণ জরুরি। মালিক নেহাল আইরন কেরোসিন ঢালা হয়েছিল বলে ভিডিয়োবার্তায় যে দাবি করেছেন, তা যাচাই করা দরকার। যদিও সেই তরল কেরোসিন না হয়, তা হলে তা কী এবং আদৌ তা বার্বিকিউতে ব্যবহার করা যায় কি না, সেটাও দেখা প্রয়োজন বলেই মনে করছেন তদন্তকারীরা।