UPI MDR: ফুচকা ৫০ টাকা প্লেট, UPI করলে ৫১ টাকা! MDR চালুর আগেই গা-জোয়ারি শুরু? | UPI MDR: Business Owners Refusing to Take UPI Payment over 2000 rs, Some taking Additional Charges
অতিরিক্ত চার্জ নেওয়া হবে কেন?Image Credit: X
নয়া দিল্লি: ইউপিআই-তে এমডিআর চার্জ চাপতেই রাতারাতি বেঁকে বসছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই পেট্রোল পাম্প মালিকরা দাবি জানাতে শুরু করেছেন যে অবিলম্বে এই এমডিআর প্রত্যাহার না করা হলে, তারা ২০০০ টাকার উপরে লেনদেনের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট গ্রহণ করবেন না। এবার বিভিন্ন দোকানেও ঝুলল নোটিস।
দুই হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই-তে ০.০৪ শতাংশ হারে এমডিআর ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আগামী ১৫ অক্টোবর থেকে এই চার্জ কার্যকর হবে। তবে এই চার্জ ব্যবাসায়িক লেনদেনের ক্ষেত্রেই লাগু হবে। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি (Person to person)-র ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই চার্জ বসবে না।
এদিকে কেন্দ্রের এই ঘোষণার পরই ব্যবসায়ীরা ইউপিআই নিতে বেঁকে বসছেন। ইতিমধ্যেই গাজিয়াবাদের ব্যবসায়ীরা দোকানের বাইরে নোটিস টাঙিয়ে দিয়েছেন যে ইউপিআই পেমেন্ট গ্রহণ করা হবে না। ইউপিআই-তে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসানোর প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বক্তব্য, সরকারের চাপানো এমডিআর শুধু ব্যবসায়ীদের জন্য বলা হলেও, অতিরিক্ত খরচ গ্রাহকদের উপরই পড়বে।
সেই জন্য ব্যবসায়ীরা গ্রাহকদের বলেছেন যে ১৫ অক্টোবরের পর থেকে নগদে লেনদেন করতে। বিশেষ করে দুই হাজার টাকার উপরে লেনদেনের ক্ষেত্রে নগদেই যেন পেমেন্ট করা হয়।
গ্রাহকদের উপরই প্রভাব-
গ্রাহকদের উপরে প্রভাব পড়ার এই শঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে কিছু জায়গায়। যেমন গাজিয়াবাদের একটি ফুচকার দোকানে বড়বড় করে লেখা হয়েছে যে ৫০ টাকা প্লেট। যদি কেউ অনলাইন পেমেন্ট করেন, তাহলে ৫১ টাকা দিতে হবে। অর্থাৎ এক টাকা অতিরিক্ত দিতে হবে।