পাকিস্তানে আত্মঘাতী জঙ্গিহানা, নিহত ২৭, আহত অন্তত ৭৫
এই সময়: ফের জঙ্গি-হামলায় মৃত্যুমিছিল পাকিস্তানে! শুক্রবার ‘জুম্মার নমাজ’ চলাকালীনই ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। কোহাটের পুরোনো পুলিশ লাইন্সের কাছে একটি মসজিদের ওই বিস্ফোরণে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ৭৫-এরও বেশি। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন পুলিশকর্মী বলে প্রশাসন সূত্রের খবর। বিস্ফোরণের পরেই পুলিশ চত্বরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়ে যায়। মৃত্যুমিছিল আরও দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে। খাইবার পাখতুনখোয়ার পুলিশ-প্রধান জ়ুলফিকার আহমেদের দাবি, এ দিন মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিক ভাবে কোনও জঙ্গি গোষ্ঠী এর দায় না-নিলেও সন্ধের পরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জানায়, তারাই এ দিন আত্মঘাতী হামলা চালায় কোহাটের ওই মসজিদে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রের খবর, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ‘ওল্ড পুলিশ লাইনস’-এর গেটে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এবং এর পরপরই শুরু হয় তীব্র গোলাগুলি। বিস্ফোরণের ফলে মসজিদের একাংশ এবং পুলিশ লাইন্সের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ স্টেশনের বাইরের একটি দেওয়াল পুরোপুরি নিশ্চিহ্ন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু করে দেয়। না হলে নিহতের সংখ্যা অনেকটাই বাড়ত বলে মনে করা হচ্ছে।
বিস্ফোরণের পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, অন্তত দু’জন সশস্ত্র হামলাকারী পুলিশ লাইন্সের কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করে। তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। পুলিশের পাল্টা অভিযানে হামলাকারীদের কয়েক জন নিহত হয়েছে বলে পরবর্তী রিপোর্টে জানা যায়। রয়টার্স-এর রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণ ও পরবর্তী গুলির লড়াইয়ে সাত জন হামলাকারী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাদের দেশে সন্ত্রাস চালানোর জন্য কেন আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হচ্ছে, এ দিন সেই প্রশ্ন তুলে ফের সুর চড়িয়েছে পাকিস্তান। কাবুল অভিযোগ খারিজ করেছে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, টিটিপি-র মতো কিছু সশস্ত্র গোষ্ঠী আদতে পাকিস্তানে শেহবাজ় শরিফের সরকার ফেলতে চাইছে। যার পিছনে পরোক্ষ ইন্ধন রয়েছে কাবুলের। আল জাজ়িরাকে দেওয়া সাক্ষাৎকারে বেলফাস্ট কুইন্স ইউনিভার্সিটির ভিজ়িং প্রফেসর মাইকেল সেম্পেল বলেন, ‘হামলার যা প্যাটার্ন, তার স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই জঙ্গিদের মদত দিচ্ছে আফগান তালিবান। শুধু টিটিপি নয়, আল-কায়দাকেও একই ধরনের হামলার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সীমান্তের ওপার থেকে।