দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেজরিওয়াল পেলেন SIR-এর নোটিস, কী জানাল কমিশন?
দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৩৩.১ লক্ষ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর পরিবারের সদস্য, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামও। যা নিয়ে আলোচনা শুরু রাজধানীর রাজনৈতিক মহলে। যদিও কেন নোটিস পাঠানো হয়েছে, সে ব্যাপারে জবাব দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁদের নথির সঙ্গে তথ্যের মিল নেই বা ‘Logical Discrepancies’ রয়েছে এবং আগের SIR তালিকার সঙ্গে ম্যাপিং নেই, তাঁদেরকেই এই নোটিস দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ভোটার তথ্যে অসঙ্গতির কারণে নোটিস দেওয়া হয়েছিল। তবে কমিশন পরবর্তীতে স্পষ্ট করেছে, বুথ লেভেল অফিসার (BLO) দ্বারা সরজমিনে যাচাইয়ের পরে তাঁর তথ্য সঠিক বলে প্রমাণিত ও অনুমোদিত (validated) হয়েছে।
অন্য দিকে, আম আদমি পার্টি (AAP) দাবি করেছিল, ভোটার তালিকা থেকে অরবিন্দ কেজরিওয়ালের নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে জানিয়েছে, তাঁর নাম ভোটার তালিকায় রয়েছে। কেজরিওয়াল ও তাঁর পরিবার আগের SIR তালিকার সঙ্গে নিজেদের ম্যাপিং না করার কারণেই তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ছেলে পুলকিত এবং তাঁর মা-বাবা-সহ পুরো পরিবারকে নোটিস পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে মোট ১৩,৭৯,৭৮৫ জন ভোটারের তথ্য আগের তালিকার সঙ্গে ম্যাপ করা যায়নি। ১৯,৩৩,১৩৪ জন ভোটারের তথ্যে নানা ধরনের যৌক্তিক অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অগস্ট প্রকাশিত দিল্লির খসড়া ভোটার তালিকায় বর্তমানে ৯৭,৫৩,৫৭৭ জন ভোটারের নাম রয়েছে। কমিশন জানিয়েছে, যাঁদের নাম খসড়া তালিকায় রয়েছে এবং নোটিস দেওয়া হয়েছে, তাঁদের অসঙ্গতি দূর করার জন্য শুনানিতে হাজির হতে হবে।