বনি-দর্শনার পুজোর সাজকাহন - 24 Ghanta Bangla News
Home

বনি-দর্শনার পুজোর সাজকাহন

Spread the love

রিচা রায়

পুজোর আগে বড় পর্দায় নতুন জুটি। দর্শনা বণিক এবং বনি সেনগুপ্ত। পরিচালক প্রতীক সরকারের নতুন ছবি ‘C/O জার্নি’-তে এই জুটির অভিষেক হতে চলেছে। প্রথমবার একসঙ্গে কাজ করা ঘিরে উৎসাহিত দু’জনেই। যে ছবিতে কনম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। বাবার খোঁজে শহরে আসা এক কিশোরের সঙ্গে জড়িয়ে যাবে বনির জীবন। সেই যাত্রায় জুড়ে যাবেন দর্শনা। ছবি মুক্তির আগে এর চেয়ে বেশি বলতে নারাজ নায়ক-নায়িকা দু’জনেই। তবে ছবির গল্প নিয়ে কথা না বললেও, গল্প করতে মারাত্মক ভালোবাসেন দু’জনেই। গল্পে-গল্পে তাই দু’জনে জানালেন পুজোর আবহে ছবি রিলিজ়ের বিষয়টি তাঁদের কাছে কতটা আনন্দের।

দর্শনা বলেন, ‘মিক্সড ফিলিং হচ্ছে। এক দিকে ছবি রিলিজ়। দর্শকের কেমন লাগে, সেটা নিয়ে টেনশনে। অন্য দিকে পুজো-পুজো ভাব। পুজোয় কিংবা পুজোর কিছুটা আগে নিজের ছবি সিনেমা হলে চললে বেশ ভালো লাগে।’ দর্শনার মতো একই রকম উত্তেজিত বনিও। তিনি বলেন, ‘ছবি রিলিজ় করছে মানে আমার পুজো শুরু হয়ে গেল।’ কাজের ব্যস্ততার মাঝেই পুজোর সাজগোজ নিয়ে কী-কী প্ল্যানিং করলেন বনি-দর্শনা? পুজোর পাঁচটি দিন শাড়ি পরতেই সবচেয়ে ভালোবাসেন দর্শনা। সারা বছরই তাই শাড়ি শপিং চলতেই থাকে।

নায়িকা জানালেন, তাঁর আলমারিতে এখনও বেশ কয়েকটি নতুন শাড়ি রয়েছে। তবে তাই বলে পুজোর আগে শাড়ি কিনবেন না, সেটা কী করে হয়? দর্শনার কথায়, ‘পুজোতে রোজ নতুন শাড়ি চাই-ই। টুকটাক কিনতে শুরু করেছি। বাবা, সৌরভও (দাস) শাড়ি কিনে দেবে। আগে তো গড়িয়াহাট-এসপ্ল্যানেডেও শপিং করতে যেতাম। এখন আর হয় না। তবে এ বছর ভাবছি যাব।’

অষ্টমীর অঞ্জলি এবং দশমীর সিঁদুর খেলায় বনির প্রথম পছন্দ পাঞ্জাবি। সারা বছর কাজের প্রয়োজনে পোশাক নিয়ে নানা এক্সপেরিমেন্ট চলতেই থাকে। পুজোর কয়েকটি দিন তাই সাজে বাঙালিয়ানার ছোঁয়া রাখতেই ভালোবাসেন অভিনেতা। বনি বলছিলেন, ‘আমার কাছে সাজ মানে কমফর্টেবল থাকা। বন্ধুর বাড়িতে আড্ডা হোক কিংবা কৌশানীর সঙ্গে সময় কাটানো, প্রতিটি ইভেন্টেই আমার চাই কটনের পোশাক। আমার লুক তখনই অন্য কারও নজর কাড়বে, যখন আমি স্বস্তিতে থাকব।’

বনি-দর্শনা
ছবি: অর্ণব চক্রবর্তী

ছবি: অর্ণব চক্রবর্তী

পোশাক: দেবু’জ বাই দেবাশিস

মেকআপ এবং হেয়ার:

সুজয় বণিক, নব মাইতি

লোকেশন: পোলো ফ্লোটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *