বারবিকিউয়ের সময়ে সিটংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রিল জ্বালানোর আগে কী কী জরুরি সতর্কতা মানবেন?

বিয়ের পরে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি নিকিতা- সৌভিক। বর্ষা ভেজা দিনে সিটংয়ের হোমস্টে-তে ‘বারবিকিউ’ করছিলেন দু’জনে। কিন্তু তার মাঝেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা।

হঠাৎই বারবিকিউ থেকে আগুনে ঝলসে যায় নিকিতার শরীর। পরিবারের দাবি, প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছে নিকিতার শরীর। আগুনে ঝলসে যাওয়ার এই ভিডিয়ো দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।

সাধারণত পাহাড় বা জঙ্গলে ঘুরতে গেলে বা শীতের সন্ধ্যা হোক কিংবা ছুটির দিনে বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, বারবিকিউ পার্টির মজাই আলাদা। গ্রিলের উপর মাংস, মাছ বা সব্জি সেঁকার সঙ্গে জমে ওঠে গল্প ও খাওয়াদাওয়া। কিন্তু বারবিকিউ করার আগে আদৌ কি যথেষ্ট সতর্কতা নেওয়া হয়? কী কী ভাবে করা উচিত বারবিকিউ?

বারবিকিউ করার সময়ে সামান্য অসাবধানতাই এই আনন্দের আয়োজনকে বড় দুর্ঘটনায় পরিণত করতে পারে। আগুন ছড়িয়ে পড়া, গরম গ্রিলে হাত পুড়ে যাওয়া কিংবা গ্যাস জমে বিস্ফোরণের মতো বিপদ এড়াতে আগে থেকেই কিছু জরুরি সতর্কতা মেনে চলা প্রয়োজন। তাই বারবিকিউ করার আগে জেনে নিন কী কী বিষয়ে নজর রাখা জরুরি।

বারবিকিউ করার জন্য সবসময়ে বাড়ির বাইরে খোলা জায়গা বেছে নিন। বারবিকিউ করার গ্রিলটি ঘরবাড়ি, গ্যারাজ, শুকনো গাছপালা, কাঠের বেড়া এবং অন্যান্য দাহ্য পদার্থ বা ভেজা জায়গা থেকে অন্তত ১০ ফুট দূরে রাখুন।

গ্রিল যেন শক্ত ও সমতল মেঝের উপর থাকে, যাতে রান্নার সময়ে সেটি কোনও ভাবেই উল্টে না যায়। বারান্দা, ঘরের ভিতর বা বন্ধ জায়গায় কয়লা কিংবা গ্যাসের গ্রিল ব্যবহার করবেন না।

পাশাপাশি, কয়লা জ্বালানোর জন্য কখনও পেট্রল, কেরোসিন বা অন্য কোনও দাহ্য তরল জ্বলন্ত আগুনে ঢালবেন না। এতে আগুন হঠাৎ ছড়িয়ে পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।

গ্যাস গ্রিল ব্যবহারের আগে গ্যাসের সংযোগ ও পাইপে কোনও লিক রয়েছে কি না পরীক্ষা করুন। সর্বদা নির্মাণ সংস্থার দেওয়া ম্যানুয়াল মেনে গ্রিল জ্বালান। গ্যাস গ্রিল জ্বালানোর সময়ে ঢাকনা খোলা রাখুন, যাতে গ্যাস জমে কোনও ভাবে তা বিস্ফোরণ না ঘটে।

এ ছাড়া গ্রিলের সামনে ঢিলেঢালা পোশাক, ঝুলন্ত ফিতা বা সহজে আগুন ধরে যায় এমন কাপড় পরে দাঁড়াবেন না। মাংস বা সব্জি উল্টানোর জন্য লম্বা হাতলযুক্ত চিমটা এবং হিট রেজ়িন্ট্যান্ট গ্লাভস (তাপ প্রতিরোধী গ্লাভস) ব্যবহার করুন।

জ্বলন্ত গ্রিল কখনও একা ফেলে যাবেন না। শিশু ও পোষা প্রাণীদের গ্রিল থেকে নিরাপদ দূরত্বে রাখুন।

এ ছাড়া গ্রিলের কাছে অগ্নিনির্বাপক যন্ত্র প্রস্তুত রাখুন। গ্রিল তেল বা চর্বির ব্যবহার করার সময়ে যদি কোনও কারণে আগুন লেগে যায়, তবে কখনই তাতে জল ঢালবেন না। এতে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে।

গ্যাসের আগুন হলে যত দ্রুত সম্ভব হলে গ্যাসের পাইপের রেগুলেটর বন্ধ করে দিন। প্রয়োজন হলে দ্রুত জরুরি পরিষেবায় যোগাযোগ করুন।

কয়লার গ্রিল ব্যবহার করলে রান্না শেষ হওয়ার পরে কয়লা ও ছাই সম্পূর্ণ নিভেছে কি না নিশ্চিত করুন। গরম ছাই কখনও প্লাস্টিকের ডাস্টবিনে ফেলবেন না। ছাই পরিষ্কার করার আগে গ্রিল পুরোপুরি ঠান্ডা হতে দিন। গ্যাস গ্রিল হলে রান্না শেষে গ্যাসের ভালভ ও সংযোগ বন্ধ করুন।