শিবসেনা মামলায় ‘রাজনৈতিক আনুগত্য’ বদল নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
মহারাষ্ট্রে শিবসেনার মালিকানা ও প্রতীক সংক্রান্ত বিবাদের জেরে দায়ের হওয়া মামলার শুনানিতে এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে তাদের পর্যবেক্ষণে প্রশ্ন তোলে, আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়টির মাপকাঠি নিয়ে৷ এই প্রসঙ্গেই বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, ‘রাজনৈতিক দলের স্বীকৃতির ক্ষেত্রে নির্বাচনী ফলাফল বা সংখ্যার গুরুত্ব থাকলেও নির্বাচিত হওয়ার পরে কোনও জনপ্রতিনিধি যখন তাঁর রাজনৈতিক আনুগত্য পরিবর্তন করেন, তখন একটি প্রশ্ন সামনে চলে আসে।’ তাঁর সংযোজন, ‘বর্তমানে ভোটাররা আসলে কোনও একটি নির্দিষ্ট দলের জন্যই ভোট দেন, কোনও নির্দিষ্ট প্রতিনিধির জন্য নয়। নির্বাচিত হওয়ার পরে কোনও জনপ্রতিনিধি যদি অন্য দলে যোগ দেন, তবে তাঁকে দেওয়া সেই ভোটগুলোকে কি আদৌ ওই প্রতিনিধি এবং তাঁর নতুন দলের প্রতি সমর্থন হিসেবে গণ্য করা যেতে পারে?’ বিচারপতি বাগচী আরও বলেন, ‘এটি কি সঠিক প্রতিফলন হবে? কোনও বিচারিক সিদ্ধান্তেই এই বিষয়টি বিবেচনা করা হয়নি।’