বাঁশির সুরে প্রাণে আরাম পান ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ
বাসুদেব ভট্টাচার্য, ময়নাগুড়ি
ব্যাটেলিয়নে থাকতে তাঁর বাঁশির সুরে বুঁদ হতেন জওয়ানরা। বাড়ি এলে পাড়ার লোকও ভিড় করতেন ওই বাঁশির টানেই। এখন ছেদ পড়েছে বটে, তবে তাঁর সূরসাধনায় তাল কাটতে পারেনি ফুসফুসের কর্কটরোগ। ময়নাগুড়ির দেবীনগরের ৬৮ বছরের বৃদ্ধ এখনও বিশ্বাস করেন, বাঁশিই তাঁর প্রাণ। সেই প্রাণ আঁকড়ে বেঁচে আছেন তিনি। ফুঁ দিলে বুকে চাপ পড়ে। কিশোর রায়কে তাই বাঁশি বাজাতে নিষেধ করেছিলেন স্ত্রী নমিতা। উত্তরে বৃদ্ধ তাঁকে বলেছিলেন, ‘বাঁশিতে বুঁদ হয়ে থাকলে শরীরের সব ব্যথা ভুলে থাকি।’ ব্যস, সেই থেকে আর কেউ তাঁকে নিষেধ করেননি।