প্রিয় নেতার জন্মদিনে, বিনামূল্যে ৮ লিটার দুধের চা বিলি হতদরিদ্র বিশুদার
শীতল চক্রবর্তী
রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকান। কতই বা রোজগার! সেই দোকান থেকে যা হয় তা দিয়েই কোনও রকমে সংসার চালান মলয় সরকার ওরফে বিশুদা। বালুরঘাটের ৩ নম্বর ওয়ার্ডের মিলন সংঘ পাড়ার সেই দোকানে অন্য ছবি দেখা গেল বৃহস্পতিবার। দোকানে আসা সবাইকে বিনামূল্যে চা-বিস্কুট খাওয়ালেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভক্ত’ তিনি। তাই প্রধানমন্ত্রীর জন্মদিনে এই ‘ক্ষুদ্র আয়োজন’। সেই কারণে একদিন ব্যবসায় ‘সামান্য ক্ষতি’ হলেও তাতে আমল দিতে চাইছেন না বিশুদা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিনে একাধিক আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আয়োজন করা হয়েছে বিজেপির তরফেও। তবে এ দিন পকেটের হিসেব না কষেই প্রিয় নেতার জন্মদিন নিজের মতো করে পালন করলেন বালুরঘাটের এই সাধারণ চা বিক্রেতা।
প্রায় ১৮ বছর ধরে চায়ের ব্যবসাই বিশুদার রুজি-রোজগার। বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমাশা এলাকার বাসিন্দা তিনি। পরিবার বলতে ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাইঝি। নিজে বিয়ে করেননি। ছোট্ট দোকান চালিয়েই একরকম সংসার তাঁর। সেই দোকানেই এ দিন অন্য ছবি।
ছোট্ট চায়ের দোকানের সামনে রাখা প্রধানমন্ত্রীর ছবি। জন্মদিনে তাঁর ছবিতে মাল্যদান করেই বড় পাত্রে চা তৈরি করেন বিশুদা। এই জন্য কেনা হয়েছিল ৮ লিটার দুধ। এ দিন তাঁর দোকানে যারাই এসেছেন তাঁদের হাতেই তুলে দিয়েছেন দুধ চা আর বিস্কুট। কারোর কাছে একটা টাকাও নেননি। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর ছোট্ট চায়ের দোকানের সামনে জমে যায় ভিড়। প্রিয় নেতার জন্মদিনে তাঁদের সবাইকে হাসিমুখে চায়ের কাপ এগিয়ে দেন তিনি।
তবে, শুধুমাত্র জন্মদিনেই নয়, নরেন্দ্র মোদী যেদিন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সেদিনও একই ভাবে চা বিতরণ করেছিলেন বিশুদা। কেন? তার উত্তর দিয়েছেন এই চা বিক্রেতা। তিনি বলেন,‘এক সময়ে রেলস্টেশনে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। সেখান থেকে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার যাত্রা আমাকে অনুপ্রাণিত করে। তাই তাঁর জন্মদিনে সাধারণ মানুষকে চা খাওয়ানোর মধ্যেই আমি আনন্দ পাই।’
স্থানীয় বাসিন্দা কনক বর্মন, রবি পাহান, তরুণকুমার মণ্ডলরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বিশুদার আবেগ দীর্ঘদিনের। মোদীর সাফল্যের বিভিন্ন মুহূর্তেও নিজের সামর্থ্য অনুযায়ী চা-বিস্কুট খাইয়ে দিনটি পালন করেছেন তিনি। ব্যবসায় কিছুটা ক্ষতি হলেও তাতে তাঁর উৎসাহে ভাটা পড়ে না।