Breaking News Live: ভারতের উপর ১০০% শুল্কের বোঝা চাপাবে আমেরিকা? পাশ বিল
ভারতের উপর ১০০% শুল্কের বোঝা চাপাবে আমেরিকা? পাশ বিল
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জেরে আরও শুল্কের বোঝা চাপতে পারে ভারতের ঘাড়ে। সমস্ত আশঙ্কা সত্যি করে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হয়ে গেল বিশেষ নিষেধাজ্ঞা বিল। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষা। সই সম্পন্ন হলেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জন্য ভারত-সহ ৯ দেশের উপরে অতিরিক্ত ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর অধিকার পাবেন ট্রাম্প।
বিশ্বকর্মা পুজোয় বৃষ্টির ভ্রুকুটি?
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মধ্যরাত থেকেই শুরু প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে উদযাপনে মাতলেন অশোকনগরের চৌরঙ্গী মোড় এলাকার মানুষজন। অশোকনগর-কল্যাণগড় পুরসভার চৌরঙ্গী মোড় এলাকায় বুধবার গভীর রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুতি-পাঞ্জাবি পরিহিত নরেন্দ্র মোদীর একটি ছবিকে সামনে রেখে বাজি ফাটিয়ে জন্মদিন উদযাপন করেন উদ্যোক্তারা।