Bigg Boss Bangla: ‘কী করে খেতে পাও আমিও দেখব এবার’, মনামীর ওপর বেজায় চটলেন নিরঞ্জন | Bigg Boss Bangla Controversy: Jhilam Gupta and Niranjan Mondal Call Out Monami Ghosh for Unfairness
বিগ বস (Bigg Boss) আর বিতর্ক, এই দুটি শব্দ যেন একে অপরের পরিপূরক! বিগ বসের ঘরে রোজই অশান্তি লেগে থাকে। তবে বুধবারের পর্বে যা দেখা গিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিগ বস বাংলার ঘরে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাড়ির বর্তমান রানি মনামী ঘোষ। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন নিরঞ্জন মণ্ডল এবং ঝিলম গুপ্ত।
লাক্সারি বাজেট টাস্কে নিয়মভঙ্গ
বুধবারের পর্বে বিগ বসের ঘরে লাক্সারি বাজেটের একটি টাস্ক দেওয়া হয়েছিল। আর এই খেলা ঘিরেই শুরু হল আসল সমস্যা। খেলায় সোনামণি নিয়ম ভেঙে বেশি বল সংগ্রহ করেন। হিসেব মতো তাঁর বাতিল হওয়ার কথা। কিন্তু বাড়ির রানি মনামী তা না করে উলটে সোনামণিকেই জয়ী ঘোষণা করেন! মনামীর যুক্তি ছিল, সোনামণি এবং আর এক প্রতিযোগী সোহিনী, দুজনেই নাকি একই সময়ে হার্নেস খুলেছেন। যদিও আসল ঘটনা অন্য। সোহিনী হার্নেস খুলেছেন অনেক পরে। প্রথমে তিনি বুঝতেই পারছিলেন না যে, গেমের নিয়ম ভাঙা ঠিক হবে কি না!
মনামীর সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ
রানির এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি বাড়ির বাকি সদস্যরা। মনামী এভাবে সোনামণির প্রতি পক্ষপাতিত্ব করায় অনেকেই তাঁর উপর বেজায় চটেছেন। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে ঝিলম স্পষ্ট জানান, বিগ বসে এক দিনও ফেয়ারপ্লে বা সততার সঙ্গে খেলা হয় না। তাঁর দাবি, কেউ না কেউ ঠিক চলে আসবে ভুলভাল কাজ করতে। এরকম প্রকাশ্য পক্ষপাতিত্ব আগে কখনও দেখা যায়নি।
ক্ষোভে ফুঁসছে গোটা বাড়ি
ঝিলমের কথার পর মনামী নিজের সাফাই দিতে গেলে সেখানে যোগ দেন নিরঞ্জন মণ্ডল। তিনি মনামীকে সরাসরি বলেন যে, তাঁর চোখে মনে হয় কোনও সমস্যা আছে। নিরঞ্জন গোটা বিষয়টি মনামীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু মনামী নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। এরপরই মেজাজ হারান নিরঞ্জন। তিনি মনামীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “লাক্সারি বাজেট তো আসবে এবার। আমি দেখাব পুরো বাড়ি কীভাবে চলে। কী করে খেতে পাও আমিও দেখব এবার! দেখো শুধু।”
শুধু নিরঞ্জন বা ঝিলম নন, নন্দিনী, ভরত কল, সৃজলা গুহও মনামীর এই কাজ ভালো চোখে দেখেননি। তাঁরাও নিজেদের মধ্যে আলোচনায় চরম বিরক্তি প্রকাশ করেছেন। কিন্তু মনামী নিজের ভুল তো মানেনইনি, উলটে নিরঞ্জনের কথার পালটা জবাব দিতে শুরু করেন।
শোয়ের নতুন চমক
গত ৩০ আগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে এই রিয়েলিটি শো। ইতিমধ্যেই অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়েছেন। আর ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। পাশাপাশি, দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে ঢুকেছেন জীতু কামাল। এখন দেখার, বিগ বসের ঘরে আগামী দিনে আর কী কী নতুন চমক আসে!