Ambarish Bhattacharya: 'আমাকে খুব পছন্দ করে, কিন্তু বাড়িতে বর আছে বলে ভয় পাচ্ছে!' কোন নায়িকার কথা বললেন অম্বরীশ? | Ambarish bhattacharya sudipa chatterjee fun banter reality show - 24 Ghanta Bangla News
Home

Ambarish Bhattacharya: ‘আমাকে খুব পছন্দ করে, কিন্তু বাড়িতে বর আছে বলে ভয় পাচ্ছে!’ কোন নায়িকার কথা বললেন অম্বরীশ? | Ambarish bhattacharya sudipa chatterjee fun banter reality show

Spread the love

তিনি টলিউডের অন্যতম ‘মোস্ট এলিজিবল ব্যাচেলার’। প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই মিষ্টি হাসিতে এড়িয়ে যাওয়াটাই তাঁর সিগনেচার স্টাইল। কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে নিয়ে। কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল তাঁর গোপন বিয়ের খবর। এক বিমান সেবিকাকে নাকি চুপিচুপি বিয়ে করেছেন অভিনেতা! যদিও পরে জানা যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির স্ক্রিপ্টের খাতিরেই পর্দায় সেই বিয়ের পর্ব সেরেছিলেন তিনি। তবে এবার আর পর্দা নয়, এক খাস রিয়্যালিটি শোয়ের মঞ্চেই নিজের প্রেম ও পছন্দ নিয়ে মজার ছলে ‘গোপন কথা’ ফাঁস করলেন অম্বরীশ।

সম্প্রতি ছোট পর্দার একটি জনপ্রিয় রিয়্যালিটি কুইজ শোয়ে বিশেষ পর্বের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ মল্লিক, সুদীপা চট্টোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্য। খেলার ছলেই মঞ্চে ওঠে ‘মন’ শব্দটি। সঞ্চালক রসিকতা করে বলেন, কাঞ্চন মল্লিকের আদৌ কোনও মন অবশিষ্ট আছে কি না তা সন্দেহ, কারণ তিনি এতবার নিজের মন দিয়েছেন! সঞ্চালকের এই খোঁচায় হাসির রোল ওঠে গোটা ফ্লোরে। কাঞ্চনও নিজস্ব রসিক ঢঙে জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়ার অভ্যাসটাও নাকি বেড়ে চলেছে!

উপস্থিত সুদীপা চট্টোপাধ্যায়ও কাঞ্চনকে সমর্থন করে বলেন, কাঞ্চন মানুষ হিসেবে এতটাই ভালো যে মেয়েরা বারবার তাঁর প্রেমে পড়তে বাধ্য হন। এরপরেই মজার প্রশ্নবাণ ধেয়ে আসে অম্বরীশের দিকে—তবে কি অম্বরীশ মানুষ হিসেবে ততটা ভালো নন, যে তাঁর মন দেওয়া-নেওয়া নিয়ে কোনও গুঞ্জনই শোনা যায় না?

পরিস্থিতি সামাল দিতে সুদীপা মজা করে দাবি করেন, তিনি অম্বরীশকে মোটেই পছন্দ করেন না। আর তা শুনেই অম্বরীশের ছক্কা! অভিনেতা অমিল হাসিতে সুদীপার পর্দাফাঁস করে বলেন, “সুদীপা আসলে আমাকে খুবই পছন্দ করে! কিন্তু কী করবে, বাড়িতে স্বামী রয়েছে, অশান্তির ভয়ে সেটা মুখে স্বীকার করতে পারছে না!”

সোশ্যাল মিডিয়ায় শোয়ের প্রোমো আসতেই যা নিয়ে এখন তুমুল চর্চা নেটপাড়ায়। অবশ্য পুরো ঘটনাটাই যে স্রেফ দর্শকদের বিনোদন দেওয়া এবং নিখাদ মজার ছলে বলা, তা বুঝতে বাকি নেই অনুরাগী ও দর্শকদের। তবে তারকাদের এই মজার খুনসুটি যে রিয়্যালিটি শোয়ের মঞ্চে আলাদা মাত্র যোগ করেছে, তা এক বাক্যে মানছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *