তুমুল বৃষ্টিতে ফের ফুঁসছে তিস্তা, উদ্বেগ
এই সময়, শিলিগুড়ি: বিশ্বকর্মা পুজো মানেই শারদীয় উৎসবের ঢাকে কাঠি। উৎসবের মরশুম শুরু হলেও বৃষ্টি থেকে রেহাই নেই। সৌজন্যে নিম্নচাপ। সিকিম থেকে দার্জিলিংয়ের পাহাড় ও উত্তরবঙ্গের সমতলে তাই বৃষ্টি থেকে আপাতত রেহাই মিলবে না। সিকিমে তুমুল বৃষ্টিতে তিস্তা ফুঁসতে শুরু করেছে।
সিকিমে এক রাতে ২৬৭মিলিমিটার বৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এমনটাই ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর সিকিমে। মঙ্গন জেলার সাঙ্কালনে বৃষ্টি হয়েছে ২৬৮ মিলিমিটার। পরিণতিতে বুধবার সকাল থেকে জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে। এ দিন সকালে কালিম্পং জেলার তিস্তাবাজার এলাকায় তিস্তা নদীর এই জলস্ফীতির কারণে ১০ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে।
তিস্তা নদীতে জল বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে কালিম্পংয়ের মেল্লি, রংপো এবং সিকিমের সিংতামেও। বিকেলের দিকে জল নামতে শুরু করলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের জেরে অস্বস্তি বাড়ছে বই কমছে না। কেন্দ্রীয় জল আয়োগ (সিডব্লিউসি)-এর রিপোর্ট অনুসারে, গুজরাটে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তারই জেরে পুরো উত্তর ভারতে নিম্নচাপের দাপট। নিম্নচাপ একই সঙ্গে আবর সাগর এবং বঙ্গোপসাগর জলীয় থেকে বাষ্প সংগ্রহ করছে। ফলে আগামী কয়েক দিন হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গনের অতিবৃষ্টি এই নিম্নচাপেরই জের। বুধবার রাতে অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারেও। শিলিগুড়িতেও তুমুল বৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন। কোথাও মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু উত্তরবঙ্গে বর্ষা অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকে ফলে এই সময়ে অতিবৃষ্টি অস্বাভাবিক নয়। তার মধ্যে গুজরাটে তৈরি নিম্নচাপ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করেছে।
প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটক শাখার আধিকারিক দেবপ্রিয় রায় বলেন, ‘উত্তরবঙ্গে আরও দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরে বৃষ্টি কমতে থাকবে। তবে নিম্নচাপজনিত পরিস্থিতি সৃষ্টি হলে আলাদা কথা।’
ভারতের বার্ষিক আবহাওয়ার হিসেবে কিন্তু এ দিনই মৌসুমী বায়ু ফিরে যেতে শুরু করেছে। এ দিনই উত্তরবঙ্গের সমস্ত সংরক্ষিত বনাঞ্চল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। গত ১৫ জুন থেকে টানা তিন মাস উত্তরবঙ্গের সমস্ত সংরক্ষিত বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। বিশেষত ২০২৩-এর ৪ অক্টোবর উত্তর সিকিমের প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা নিয়েই উত্তরবঙ্গের সমস্ত জেলা প্রশাসন এবং সিকিম রাজ্য প্রশাসন অতিবৃষ্টির মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। অক্টোবর মাস পর্যন্ত পূর্ণ প্রস্তুতি নিয়েই বর্ষার মোকাবিলা করতে বলা হয়েছে।